বনানী গোরস্থানে অন্তিম শয়ানে মিন্টু ভাই
বিশিষ্ট সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা এনায়েতউল্লাহ খানকে রাষ্ট্রীয় মর্যাদায় সোমবার বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে।
মুক্তিযোদ্ধারা এসময় তাঁর কফিনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা দিয়ে মুড়িয়ে দেন এবং তাদের ১৯৭১ সালের সহযোদ্ধার প্রতি বিদায়ী অভিনন্দন জানান।
নিউ এজ’র সম্পাদক এবং হলি ডে’র প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান গত বৃহস্পতিবার ক্যান্সারে আক্রান্ত হয়ে কানাডার টরেন্টোতে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
সোমবার সকালে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আসে। মরহুমের মৃতদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হলে মন্ত্রী, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আমলা, সংস্কৃতি কর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তার প্রিয় কর্মস্থল নিউ এজ ও হলি ডে কার্যালয়ে।
রাষ্ট্রীয় মর্যাদা অনুযায়ী পুলিশের একটি দল বিউগলে করুণ সুর বাজিঁয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দেশের বর্ষিয়ান সাংবাদিক নির্মল সেন একটি হুইল চেয়ারে করে প্রেসক্লাবে এসে এনায়েতউল্লাহ খানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অসুস্থ নির্মল সেনকে এনায়েতউল্লাহ খানের নাম উল্লেখ করে কাঁদতে দেখা যায়।
এবিএম মুসা, গিয়াস কামাল চৌধুরী, ইকবাল সোবহান চৌধুরী, গোলাম সারোয়ার, মাহফুজউল্লাহসহ সিনিয়র সাংবাদিকরা জাতীয় প্রেসক্লাবে ‘মিন্টু ভাই’ হিসেবে পরিচিত এনায়েতউল্লাহ খানকে তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান এক সংক্ষিপ্ত বক্তব্যে এনায়েতউল্লাহ খানের অবদান উল্লেখ করে বলেন, তিনি ছিলেন বর্ণাঢ্য ব্যক্তিত্বের অধিকারী এবং মানবিক গুনসম্পন্ন।
মতিউর রহমান আরও উল্লেখ করেন, শেষ বয়সে আমাদের জন্যে তিনি ছিলেন অনুপ্রেরণার উৎস। তার মৃত্যুতে একটি গৌরবময় অধ্যয়ের সমাপ্তি হয়েছে।
এনায়েতউল্লাহ খানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে জাতীয় প্রেসক্লাবে মন্ত্রীসভার সদস্য ও বিভিন্ন দলের নেতারা এসেছিলেন। তাদের মধ্যে রয়েছেন আবদুল মান্নান ভূইয়া, শামসুল ইসলাম, তরিকুল ইসলাম, এমকে আনোয়ার, মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, শাহজাহান সিরাজ, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বাসদের আহ্বায়ক খালেকুজ্জামান ভূইয়া প্রমুখ।
এরপর তাঁর মরদেহ গুলশানে নিয়ে যাওয়া হয়। তাঁর সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয় গুলশান আজাদ মসজিদে। এরপর
তাঁকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।
