সার্ক: আফগানিস্তান ও চীনের ব্যাপারে রোববার সিদ্ধান্ত হতে পারে
আফগানিস্তানকে সার্কের সদস্যপদ প্রদান এবং চীনকে পর্যক্ষেকক বা সংলাপ সহযোগী করা ব্যাপারে রোববার সিদ্ধান্ত হতে পারে।
কর্মকর্তারা জানান, রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবকাশ যাপনের সময় এ ব্যাপারে আলোচনা হবে বলে সার্ক নেতারা আশা প্রকাশ করেছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবনে অবকাশকালে নেতারা ঢাকা ঘোষণা চূড়ান্ত করবেন এবং পরে সমাপনী অধিবেশনে এ ঘোষণা গৃহীত হবে।
সার্কের বিদায়ী চেয়ারপার্সন পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ শনিবার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আফগানিস্তান ও চীনের ইস্যুটি উত্থাপন করেন।
তিনি বলেন, ঢাকা সম্মেলন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে কারণ এ সম্মেলনের মধ্যে দিয়েই হয়তো আমরা আমাদের ভ্রাতৃসুলভ দেশ আফগানিস্তানকে সার্ক-এর অন্তর্ভূক্ত করে নিচ্ছি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানের অন্তর্ভূক্তি নিঃসন্দেহে এ আঞ্চলিক সংস্থাকে আরো বেশি সম্মৃদ্ধ ও শক্তিশালী করে তুলবে।
তিনি বলেন, আমরা আমাদের বন্ধুপ্রতীম প্রতিবেশী চীনকেও আমাদের সংস্থার পর্যবেক্ষক ও ডায়ালগ পার্টনার হিসেবে স্বাগত জানাই।
পররাষ্ট্র সচিবদের সমন্বয়ে গঠিত সার্ক স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রীদের কমিটি কাউন্সিল অব মিনিস্টারস আফগানিস্তানের অন্তর্ভূক্তি ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে পারে নি।
অন্যদিকে তারা ২০০৬ সালের প্রথমভাগে স্থায়ী কমিটির একটি পৃথক অধিবেশনের ওপর জোর দিয়েছেন, যার মধ্য দিয়ে কোনও দেশকে পর্যবেক্ষক কিংবা ডায়ালগ পার্টনারের মর্যাদা প্রদানের প্রক্রিয়া নির্ধারণ করা যেতে পারে।
ত্রয়োদশ শীর্ষ সম্মেলনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে চীন।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধনী অনুষ্ঠানে জানান, চীন ছাড়াও জাপান, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের পক্ষ থেকেও সার্ক এর সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে।
