বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদ
বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর। তবে ৩০ রোজা হলে ঈদ হবে পরদিন শনিবার। জাতীয় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার বৈঠকে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, ‘চন্দ্রমাস কখনো ২৯ দিনে আবার কখনো ৩০ দিনে হয়। কাজেই যখন রমজানের চাঁদ দেখবে তখন রোযা রাখবে। আবার যখন শাওয়ালের চাঁদ দেখবে তখন রোযা সমাপ্ত করবে। ২৯ তারিখে চাঁদ না দেখা গেলে ৩০ পূর্ণ করে নেবে’।
ঈদুল ফিতর শব্দ দুটি আরবী; যার অর্থ হচ্ছে উৎসব, আনন্দ, খুশী ইত্যাদি। সুদীর্ঘ একটি মাস কঠোর সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীর পর বিশ্ব মুসলিম উম্মাহ রোযা ভঙ্গ করে মহান আল্লাহর বিশেষ নিয়ামতের শুকরিয়া স্বরূপ যে আনন্দ-উৎসবে মেতে ওঠে, তাই-ই ঈদুল ফিতর।
শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ১ শাওয়ালই উদযাপিত হয়ে থাকে পবিত্র ঈদুল ফিতর। রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান অবসানে ঈদের চাঁদ দেখামাত্রই ছোট-বড় ধনী-গরীব প্রতিটি মুসলমান আনন্দ-উল্লাসে মেতে হয়ে ওঠে। প্রতিটি প্রাণে দোলা দেয় ঈদের আনন্দ। মাহে রমজানের কঠোর সিয়াম সাধনা, ইবাদত বন্দেগীর প্রতিদান স্বরূপ মহাপুরস্কার ঘোষণার দিন যেনো আনন্দময় ঈদুল ফিতর।
তবে ঈদের আনন্দধারাকে সকলের সঙ্গে ভাগ করে উপভোগ করার মধ্যেই পবিত্র এ দিনটির মর্মবাণী নিহিত। এতেই রয়েছে ঈদ উদযাপনের সত্যিকার আনন্দ।
তবে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের তাৎপর্য শুধু যে আনন্দ-উৎসবের মধ্যেই সীমাবদ্ধ তা নয়, বরং ঈদ উদযাপন ইবাদতেরই অংশ এবং বিশ্বভ্রাতৃত্ব গড়ে তোলার প্রেরণায় সমুজ্জ্বল। ঈদের জামাতে ধনী-দরিদ্র যখন কাতারবন্দী হয়ে দাঁড়ায়, তখন সাম্যমৈত্রীর এক অপরূপ দৃশ্যের অবতারণা হয়।
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশব্যাপী পবিত্র ঈদ উদযাপনে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। নগরীর প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা ও ঈদ মোবারক খচিত ব্যানার দিয়ে সজ্জিত করা শুরু হবে।
ঈদের দিন বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ভবঘুরে আশ্রয় কেন্দ্র ও দুঃস্থ কল্যাণ কেন্দ্রে উন্নত খাবার সরবরাহ হবে। রেডিও-টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান পরিবেশিত হবে। ইতিমধ্যেই জাতীয় সংবাদপত্রসমূহ বিশেষ ঈদ সংখ্যা প্রকাশ করেছে।
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণীতে দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা এবং দেশের সমৃদ্ধি কামনা করেছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় সংবাদপত্র অফিসসমূহ বৃহস্পতিবার থেকে ৩ দিন বন্ধ থাকবে। সরকারি ছুটি আগামী ৫ নভেম্বর পর্যন্ত। তবে ৫ নভেম্বর ঈদ হলে ছুটি ৬ নভেম্বর পর্যন্ত থাকবে।
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বঙ্গভবনে এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী ভবনে বিভিন্ন স্তরের কুটনীতিক, রাজনীতিক ও সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ঈদের দিনে সকাল ৯টা থেকে দলের ধানমন্ডির কার্যালয়ে বিদেশী কুটনীতিক ও সর্বস্তরের জনতার সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
