উত্তরাঞ্চলের স্থল বন্দর এলাকায় এইডস ছড়িয়ে পড়ার আশংকা
উত্তরাঞ্চলের স্থল ও শুল্ক বন্দরের চেকপোস্টগুলোতে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা না থাকায় এ অঞ্চলে এইডস ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।
প্রতি বছর উত্তরাঞ্চলের হিলি স্থল বন্দরসহ সোনামসজিদ, বুড়িমারী, ধামইর হাট, বিরল, চিলাহাটি চেকপোস্ট ও সীমান্ত পথে বাংলাদেশ ভারতের নাগরিকদের অবাধে আসা যাওয়ার কারণে এইডস এখন এ অঞ্চলে ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডঐঙ) জরিপ অনুযায়ী ভারতের শুধুমাত্র কলকাতা মহানগরীতেই ৭০ হাজারের বেশি মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত। এদের বিশাল একটি অংশ যৌনকর্মী।
সূত্র মতে, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা দক্ষিণ এশিয়ার এইচআইভি সংক্রমণে বাংলাদেশকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে দেখছে।
সরকারি পরিসংখ্যানে ২০০০ সালে বাংলাদেশে এইচআইভি ভাইরাস আক্রান্তের সংখ্যা ৮৩ জন বলা হলেও অপর মাধ্যমগুলোর তথ্যে এর সংখ্যা অনেক বেশি জানা যায়।
সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) সুরক্ষা এইচআইভি/এসটিডি প্রিভেনশন প্রোগ্রামের হিলি অফিস সূত্র জানায়, যেকোন সময় এইচআইভি আক্রান্তের এ হার ব্যাপকতা লাভ করার আশংকা রয়েছে।
এদিকে উত্তরাঞ্চলের চেকপোস্টগুলোতে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করার কোন ব্যবস্থা নেই।
বিশেষজ্ঞরা বাংলাদেশ-ভারত সীমান্তের প্রতিটি স্থল বন্দরের চেকপোস্টে এইচআইভি পরীক্ষা করার জন্য মেডিকেল সেন্টার স্থাপনের দাবি জানিয়েছে।
