কুতুবদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে খুলনায় সংবাদ সম্মেলন
আকরাম পয়েন্টকে বাদ দিয়ে কুতুবদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপনের ‘নীলনক্শা’ কোনভাবেই বাস্তবায়িত হতে দেয়া হবে না। রোববার খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান লিখিত বক্তব্যে বলেন, প্রয়োজনে খুলনা-বরিশাল ও রাজশাহী জেলার মানুষকে নিয়ে অন্দোলন গড়ে তোলা হবে। খুলনার পাশাপাশি বরিশাল ও রাজশাহী বিভাগের জনপ্রতিনিধি ও প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের সাথে মতবিনিময় করে এ আন্দোলনে তাদেরকে সম্পৃক্ত করা হবে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বাণিজ্যিক ও কৌশলগত দিক থেকে পণ্য পরিবহনের খরচ কম, দুযোর্গ, ঝুঁকি ও বহিঃবাণিজ্য ইত্যাদি দিক বিবেচনা করে, সর্বপোরি দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন এবং জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে কুতুবদিয়ার পরিবর্তে বিশেষজ্ঞ মহল আকরাম পয়েন্টে গভীর সমুন্দ্রবন্দর স্থাপনের পরামর্শ দিয়েছেন।
সরকারের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গভীর সমুদ্র বন্দর আকরাম পয়েন্ট থেকে কুতুবদিয়ায় স্থানান্তরের মহা পরিকল্পনা করেছে অভিযোগ করে বক্তারা বলেন, খুলনাকে আরও একবার বঞ্চিত করার পরিকল্পনা করছে তারা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাড. ফিরোজ আহমেদ, নিজামুর রহমান লালু, হায়দার গাজী সালাউদ্দিন রানু, সৈয়দ জাহিদ, শাহীন জামাল ও জাহাঙ্গীর আলম সবুজ প্রমুখ।
