আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হলে বঞ্চিত সরকারি কর্মকর্তা কর্মচারিদের জন্য কমিশন স্থাপন করবে
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ বলেছে, আগামী নির্বাচনে তারা বিজয়ী হলে জোট সরকারের আমলে বঞ্চিত ও সংক্ষুব্ধ সরকারি কর্মকর্তা কর্মচারিদের বিষয়টি পুর্নবিবেচনার জন্য একটি কমিশন স্থাপন করবে।
জোট সরকারের ব্যাপক দলীয়করণের সমালোচনা করে আওয়ামী লীগ অভিযোগ করে, বর্তমান সরকার চার বছরে প্রশাসন দলীয়করণ করে আনুগত অফিসারদের দ্রুত পদোন্নতি, সৎ ও যোগ্য লোকদের পদোন্নয়ন বঞ্চিত, গণ চাকুরিচ্যুতি এবং বদলীর মাধ্যমে ম্যাজিস্ট্রেসি ও পুলিশকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে নিমজ্জিত করেছে।
বর্তমান এই অবস্থা নিরসনে আওয়ামী লীগ নয়টি সুপারিশ প্রস্তাব উত্থাপন করেছে।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘প্রশাসন ধ্বংস: পুলিশ ও প্রশাসনে দলীয়করণ’ শীর্ষক এক সেমিনারে আওয়ামী লীগ এ প্রস্তাব উত্থাপন করে।
নির্যাতিত ও বঞ্চিত সরকারি কর্মকর্তা কর্মচারিদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করে সেমিনারে বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সরকারি নয়, প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে তাদের রক্ষা করতে সংবিধানের ১৩৩ ও ১৩৪ অনুচ্ছেদ অনুযায়ী চাকুরির শর্তাবলী নির্ধারণ করে নতুন একটি আইন প্রনয়ন করা হবে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন, আওয়ামী লীগের অপর প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর।
সেমিনারে সুপারিশকৃত অন্যান্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, বর্তমান অসম্পূর্ন প্রশাসনিক ট্রাইব্যুনাল সংস্কার, সরকারি কর্মচারিদের জন্য নতুন পূর্নাঙ্গ কনডাক্ট রুলস, ক্রিমিনাল প্রসিডিউর কোড, পেনাল কোড, পুলিশ রেগুলেশন বেঙ্গল অ্যাক্ট ১৯৪৩, পুলিশ অ্যাক্ট ১৮৬১, বিশেষ ক্ষমতা আইন ইত্যাদির সংস্কার, পাবলিক সার্ভিস কমিশনকে দলীয়করনের হাত থেকে রক্ষা করে নিরপেক্ষকরণ এবং সিভিল পশাসনের কর্মকর্তাদের জন্য ক্যারিয়ার প্ল্যানিং।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বর্তমান এ দুরবস্থা বেশিদিন চলতে দেয়া উচিত নয়। আওয়ামী লীগ পুলিশ এবং প্রশাসনে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা আনবে, যাতে প্রশাসনের কর্মকর্তা কর্মচারিরা স্বাধীন এবং নিরপেক্ষভাবে জনগণের কল্যাণে কাজ করতে পারে।
তিনি বলেন, নির্বাচন কমিশন এবং তত্বাবধায়ক সরকারের সংস্কার ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে যাবে না।
ক্ষমতার চার বছরে অত্যাচার, শোষণ ও দুর্নীতির হাতিয়ার হিসেবে সরকারি প্রতিষ্ঠান ও পদ্ধতিকে ব্যবহার করে জনস্বার্থ বিরোধী বর্তমান জোট সরকার এক লাখ ৯৩ হাজার কোটি টাকারও বেশি সম্পদ লুটে নিয়েছে বলে অভিযোগ করেন ড. মহিউদ্দিন খান আলমগীর।
তিনি বলেন, বর্তমান জোট সরকার ২০০১ সালের ১০ অক্টোবর ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরপরই প্রশাসন ও পুলিশ পরিচালনায় সব বিধান ও আইন লংঘন করে দলীয়করণের প্রক্রিয়ায় অনুগত অফিসারদের দ্রুত পদোন্নতি, সৎ ও যোগ্যদের পদোন্নয়ন বঞ্চিত, গণ চাকুরিচ্যুতি এবং বদলীর মাধ্যমে ম্যাজিস্ট্রেসি ও পুলিশকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে নিমজ্জিত করেছে।
জোট সরকারের চার বছর পুলিশ, ম্যাজিস্ট্রেসি নিম্ন আদালতে অবক্ষয় এবং বিশেষ ক্ষমতা আইনের অপব্যবহার ও রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত ফৌজদারি মামলা বাবদ সমাজের ২০৪৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন মহিউদ্দিন খান আলমগীর।
তিনি বলেন, ২০০১ এর অক্টোবর থেকে ২০০৫ এর ফেব্রুয়ারি পর্যন্ত দেশে হত্যার অপরাধ ঘটেছে ৩৭৮৬২ টি, রাজনৈতিক নিপীড়নে আহত হয়েছেন এক লাক ৬০ হাজার জন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষন, অপহরণ ও পাচারের সংখ্যা ৬৫,৭৪২ টি।
এ সময় বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এক লাখেরও বেশি এবং এসব মামলার শিকার হয়েছেন ছয় লক্ষাধিক ব্যক্তি। এছাড়া ডাকাতি, লুট, দখল, চাদাবাজি, ছিনতাই, অপহরনের ঘটনা ঘটেছে ২১ লাখ ৩২ হাজারের বেশি এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে ১৫ লাখ ১২ হাজার।
পুলিশ এবং প্রশাসনে জোট সরকারের দলীয়করণের অভিযোগ এনে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকার তাদের নীল নকশা অনুযায়ী আবারো ক্ষমতায় আসার জন্য সবকিছু করছে।
তিনি বলেন, বর্তমান সরকার একটি দুর্নীতিগ্রস্ত সরকার। তারা পরপর পাঁচবার দেশকে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিণত করেছে।
তোফায়েল আহমেদ বলেন, ৭১ এর পরাজিত অপশক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে ষড়যন্ত্রে লিপ্ত।
বর্তমান জোট সরকারে অনিয়মের অভিযোগ এনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, বর্তমান সরকার সৎ এবং দক্ষ পুলিশ কর্মকর্তাদের চাকুরিচ্যুত করছে।
প্রফেসর আব্দুল বায়েস অভিযোগ করেন, বর্তমান জোট সরকার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পড়াশুনার পরিবেশ বিপর্যস্ত করছে। তিনি বলেন, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জোট সরকারের ক্যাডার দ্বারা বেষ্টিত।
প্রশাসনের প্রতিটি জায়গায় মারাত্মক রকম দলীয়করণ হচ্ছে অভিযোগ করে অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, এই দলীয় প্রশাসনের আওতায় আগামী নির্বাচন কি করে নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে হবে, সেটাই এখন এক বিরাট প্রশ্ন।
বর্তমান জোট সরকারের দলীয়করণের কথা উল্লেখ করে সাবেক অতিরিক্ত আইজিপি এটি আহমেদুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার শপথ নেয়ার ১০ দিনের মধ্যে ৪০ জন পুলিশ কর্মকর্তাকে ওএসডি করে।
