সাংবাদিকদের ঐক্য ছাড়া গণতন্ত্র ও স্বচ্ছতা প্রতিষ্ঠা অসম্ভব: মিডিয়া ডেমোক্রেসি ডে’র আলোচনায় বক্তারা
দেশ ও জনগণের কল্যাণ ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় পর্যায়ের গণমাধ্যম ও সাংবাদিকতায় গণতন্ত্র ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করা অত্যাবশ্যক।
মিডিয়া ডেমোক্রেসি ডে উপলক্ষে রাজশাহীতে গণযোগাযোগ বিষয়ক উন্নয়ন সংস্থা বিসিডিজেসি ও সিসিডি বাংলাদেশ আয়োজিত ‘স্থানীয় পর্যায়ের সাংবাদিকতা ও গণমাধ্যমে স্বচ্ছতা ও গণতন্ত্র’ শীর্ষক এক মুক্ত সংলাপে মঙ্গলবার গণমাধ্যম বিশেষজ্ঞ ও সাংবাদিক নেতারা এ অভিমত ব্যক্ত করেন।
তারা বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে গণতন্ত্র ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হলে সবার আগে প্রয়োজন সাংবাদিকদের মধ্যে ঐক্য, যা আমাদের দেশে দৃশ্যমান নয়।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে সকল প্রকার শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
ড্যানিডা ও রাজকীয় ডেনমার্ক দূতাবাসের সহায়তায় আয়োজিত এ মুক্ত সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান ও সিসিডি বাংলাদেশের উপদেষ্টা দুলাল চন্দ্র বিশ্বাস।
মুক্ত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সিসিডি বাংলাদেশের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক এসএমএ কাদের। স্বাগত বক্তব্য রাখেন রিপোর্টারস সানস ফ্রন্টিয়ারর্স’র বাংলাদেশ প্রতিনিধি মাইনুল ইসলাম খান ও সিসিডি বাংলাদেশের কর্মসূচি উপদেষ্টা লোরা মার্টিনা বোস।
এছাড়া সংলাপে আলোচনায় অংশ নেন বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকা, সংবাদ সংস্থা, টেলিভিশন ও বেতারের সাংবাদিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
