২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু প্রতিরোধে অতিথি পাখি শিকার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার

বার্ড ফ্লু সংক্রমণ ঘটাতে পারে এ ভয়ে যেন অতিথি পাখি শিকার না করা হয় সে ব্যাপারে দেশের থানা পর্যায়ের পশুসম্পদ কার্যালয়গুলোর প্রতি জরুরি নির্দেশ জারি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 08:57 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বাংলাদেশ অতিথি পাখির যাতায়াতের প্রধান পথ হওয়ায় অন্য আরও কয়েকটি দেশের মতো বাংলাদেশেও বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে অতিথি পাখিরা বার্ড ফ্লু ভাইরাস বহন করে নিয়ে আসতে পারে এবং এতে দেশের পোল্ট্রি খাতের মারাত্মক ক্ষতি হতে পারে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এ ধরনের হুশিয়ারি জারি করলে জনগণের মধ্যে অতিথি পাখি শিকারের প্রবনতা দেখা দিতে পারে বলে এ নির্দেশ দেওয়া হয়।

জাতিসংঘ গৃহপালিত ও বন্য পাখিদের দেহে এ রোগের লক্ষণ দেখা যাচ্ছে কিনা সে ব্যাপারেও ওই দেশগুলোর প্রতি সতর্ক থাকার এবং জরুরি ভিত্তিতে জাতীয় পরিকল্পনা গ্রহণের অনুরোধ জানায়।

মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল করিম বিডিনিউজকে বলেন, এ মৌসুমে প্রত্যন্ত অঞ্চলে অতিথি পাখি শিকার প্রতিরোধে থানা পর্যায়ের পশুসম্পদ কার্যালয়ের প্রতি আমরা নির্দেশ দিয়েছি।

তিনি বলেন, কোনও গৃহপালিত পাখি যাতে অতিথি পাখিদের সংস্পর্শে না আসতে পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তারা অগ্রগতি সম্পর্কে আমাদের নিয়মিত অবহিত করছেন।

তিনি আরও বলেন, তাছাড়া যেসব দেশে বার্ড ফ্লু সংক্রমিত হয়েছে সেসব দেশ থেকে পোল্ট্রি আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

তিনি জানান, বার্ড ফ্লুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার একটি পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে এবং তা পর্যয়ক্রমে বাস্তবায়ন করা হবে। তাছাড়া দেশের কোথাও এ ভাইরাসের সংক্রমণ হয়েছে দেখা গেলেও ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে ভ্যাকসিন, আক্রান্ত পাখিকে আলাদা করে রাখা এবং দূষণমুক্তকরণ পদক্ষেপ রয়েছে বলে তিনি জানান।

তবে পোল্ট্রি শিল্পে জড়িতরা জানান, গৃহীত পদক্ষেপ প্রয়োজনের তুলনায় কম এবং এখন পর্যন্ত এ ব্যাপারে কোনও পদক্ষেপ নেওয় হয়নি।

পোল্ট্রি বিশেষজ্ঞ ড. এমএম খান বিডিনিউজকে বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পর্যাপ্ত তহবিল, সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা গ্রহণ করা দরকার।

তিনি এ ব্যাপারে পোল্ট্রি শিল্প সংশ্লিষ্টদের এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। প্রতিবেশী কয়েকটি দেশে বার্ড ফ্লু ছড়িয়ে পড়লেও দেশে তা ছড়িয়ে পড়ার সম্ভবনা নেই। তাই এ ব্যাপারে জনগণকে অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থার (ওআইই) প্রতিবেদনে বলা হয়েছে, বার্ড ফ্লু’র জন্য দায়ী অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইতোমধ্যে এশিয়ার থাইল্যান্ড, ভিয়েতনাম, হংকং, কম্বোডিয়া, মালয়েশিয়া, চীন, জাপানে ছড়িয়ে পড়েছে।

বার্ড ফ্লু প্রতিরোধ সংক্রান্ত নাগরিক কমিটি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ভারতে সামান্য পরিমাণে বার্ড ফ্লু’র সংক্রমণ লক্ষ করা গেছে। এ কারণে তারা ভারত থেকে পোল্ট্রি আমদানির ব্যাপারে নিষেধাজ্ঞা বহাল রাখার অনুরোধ জানান।

কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান বলেন, সরকার থানা পশুসম্পদ কার্যালয়কে নির্দেশ প্রদান করেই খালাস। ভারতীয় সরকার যেখানে অতিথি পাখি যাতায়াতের ৫০ টি পয়েন্ট নির্ধারণ করেছে সেখানে আমাদের সরকারের এ ব্যাপারে কোনও পদক্ষেপ নেই।

তিনি বলেন, ইইউয়ের রোমানিয়া ও তুরস্কে এ রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। তিনি ফ্রান্স, নেদারল্যান্ডস ও ইউকে ছাড়া ইইউয়ের অন্যান্য দেশ থেকে পোল্ট্রি আমদানি বন্ধ রাখার কথা বলেন এবং এ তিনটি দেশকেও পর্যবেক্ষণে রাখার সপক্ষে মতামত প্রদান করেন। এছাড়া এশিয়ার ১৩ টি দেশ থেকে পোল্ট্রি আমদানি বন্ধের কথা উল্লেখ করেন।

অন্যদিকে ফোনিক্স পোল্ট্রি লিমিটেডের মালিক সামসুল আহসান বিডিনিউজকে বলেন, অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা সনাক্ত করতে ভারত সরকার ২০ কোটি স্যাম্পল সংগ্রহ করেছে।

বর্তমানে দেশে ক্ষুদ্র ও মাঝারি ধরনের দুই লাখ পোল্ট্রি ফার্ম রয়েছে এবং সেগুলোতে ৫০ লাখ লোক কাজ করছে। গত অর্থবছরে এ শিল্প থেকে দেশের জিডিপি'তে ৮ হাজার কোটি টাকার যোগান এসেছে।