ডায়রিয়া: রংপুরে ২ জনের মৃত্যু, নওগাঁয় ৩ স্বাস্থ্যকর্মী বরখাস্ত, নীলফামারীতে পরিস্থিতি ভয়াবহ, সরকারিভাবে সঠিক তথ্য প্রকাশিত হচ্ছে না
রংপুরে সার্বিক ডায়রিয়া পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত এক সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৭২৭ জন রোগী ভর্তি হয়েছে বলে জেলা সিভিল সার্জন সূত্র জানায়। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গঙ্গাচড়া উপজেলায় দু’জনের মৃত্যু হয়েছে।
এদিকে নওগাঁ ও নীলফামারীতে ডায়রিয়ার প্রকোপ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে।
নীলফামারীর গ্রামে গ্রামে ছড়িয়ে পড়া ডায়রিয়া এখন সম্পূর্ণই নিয়ন্ত্রণের বাইরে। সরকারী হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই।
সোমবার দুপুর ১২টা পূর্ববর্তী ২৪ ঘন্টায় ২০৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তির কথা জানিয়েছে। সরকারী ভাবে গত সাত দিনে এক হাজার ৬০ জন মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়েছে বলে দাবি করা হলেও এর প্রকৃত সংখ্যা চারগুণেরও বেশী।
নীলফামারি প্রতিনিধি জানান, সিভিল সার্জন অফিস গত এক মাসে এই রোগে মাত্র একটি শিশুর মৃত্যুর কথা দাবি করলেও জেলা প্রশাসক তিন জনের মৃত্যুর কথা স্বীকার করেছেন। প্রকৃতপক্ষে এরই মধ্যে অন্তত ১৬ জন মানুষের মৃত্যুর খবর মিলেছে।
নওগাঁর চিত্রও একই রকম। এখানেও সরকারি হিসেবের সাথে ডায়রিয়ায় আক্রান্তদের সংখ্যার কোন মিল নেই। বেসরকারি হিসেবে গত এক সপ্তাহে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দশজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে আরও দেড় হাজার লোক।
নওগাঁ প্রতিনিধি জানান, জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগ। গত ২৪ ঘন্টায় জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ১৩০ জন।
এদিকে বন্যার্ত এলাকায় দায়িত্বপালনে অবহেলার অভিযোগে নওগাঁ সিভিল সার্জন তিনজন স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্ত করেছেন। পরিস্থিতি সামাল দিতে জেলার সকল স্বাস্থ্যকর্মীদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করে মাঠে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
