২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডায়মন্ড ওয়ার্ল্ড’ এর সংবাদ সম্মেলন: কর ফাঁকি ও চোরাচালানের অভিযোগ প্রত্যাখ্যান

গুলশানের স্বর্ণালঙ্কার বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আনা কর ফাঁকি ও চোরাচালানের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 05:12 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

প্রতিষ্ঠানের চেয়ারম্যান রানা শফিউল্লাহ মঙ্গলবার বলেন, চোরাচালানতো দূরের কথা কর ফাঁকির কোনও ঘটনাও আমাদের প্রতিষ্ঠানে ঘটেনি। আমরা প্রয়োজনীয় শুল্ক পরিশোধ করেই হীরা আমদানি করেছি। ব্যাগেজ রুল অনুযায়ী ২০০ গ্রাম পর্যন্ত অলঙ্কার বিনা শুল্কে নিয়ে আসা যায়।

১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের এক মাসের মধ্যেই ৩ অক্টোবর কাস্টমস কর্তৃপক্ষ ট্যাক্স ফাঁকি ও চোরাচালানের অভিযোগ এনে ডায়মন্ড ওয়ার্ল্ডস থেকে প্রায় ১,০২৫ ক্যারেট স্বর্ণালঙ্কার জব্দ করে। এর প্রতিবাদে ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের চেয়ারম্যান রানা শফিউল্লাহ।

তিনি বলেন, আমাদের কাছ থেকে জব্দ করা অলঙ্কারের ওজন ১,০২৫ ক্যারেট হলেও বাস্তবে এখানে হীরার পরিমাণ ৩৩৫ ক্যারেট।

রানা আরও বলেন, এসব গহনার কোনওটিতে হীরার কাজ করা আছে, কোনওটিতে আছে হীরা বসানো আবার কোনওটিতে নানা ধরনের পাথর। ক্রেতারা এসব পাথর পরীক্ষা করেই অলঙ্কার কেনেন।

তিনি আরও বলেন, ওই হীরার মধ্যে ২০০ ক্যারেট আমদানি করা এবং ১৩৫ ক্যারেট স্থানীয় বাজার থেকে কেনা।

তিনি দাবি করেন, ওইসব হীরা কেনার প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জব্দকৃত অলঙ্কারের দাম আনুমানিক ১ কোটি ৭৩ লাখ টাকার বেশি নয়। যদিও কাস্টমস কর্তৃপক্ষ তিন কোটি থেকে কোটি কোটি টাকা বলে দাবি করেছে।

কর্তৃপক্ষ দাবি করেন, কাস্টমস কর্তৃপক্ষকে সোনার অলঙ্কারে হীরার কাজ, ডায়মন্ড নামের বিভিন্ন পাথর ও আমাদের কাগজপত্র দেখানো সত্ত্বেও তারা শ্রেণীভেদ বিবেচনা না করেই সব অলঙ্কারকেই ডায়মন্ড হিসেবে ঘোষণা দিয়েছেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক রাকিবুল কবীর ও ইবনুল হাসান।