২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৮ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই, ঢাকায় এএসআই গ্রেপ্তার

ঢাকার গাবতলীতে ৩৮ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় রূপনগর থানার এক এএসআই গ্রেপ্তার হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 01:21 AM

Updated : 01 Dec 2022, 01:42 AM

জাহিদুল ইসলাম নামে ওই এএসআইকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ।

তিনি মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার রূপনগর থানা এলাকা থেকে এএসআই জাহিদুলকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার তাকে ঢাকার আদালতে পাঠানো হলে তার চার দিন রিমান্ডের আদেশ দেন বিচারক। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় দারুস সালাম থানায়।

এক প্রশ্নে ওসি তোফায়েল বলেন, “জাহিদুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখনও কোনো স্বর্ণ উদ্ধার করা হয়নি।”

টিটু প্রধানীয় নামে এক ব্যক্তির মামলায় জাহিদুলকে গ্রেপ্তার করা হয়।

টিটু মামলায় অভিযোগ করেছেন, রোববার সকালে একটি ব্যাগে স্বর্ণালঙ্কার নিয়ে যাচ্ছিলেন তিনি। এগুলো টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুরের বিভিন্ন সোনার দোকানে পৌঁছে দেওয়ার কথা ছিল। গাবতলীতে বাসের অপেক্ষা করার সময় ডিবি পরিচয় দিয়ে জাহিদুল তাকে মোটর সাইকেলে তুলে মিরপুর বেড়িবাঁধে নিয়ে যায় এবং সোনার ব্যাগ ছিনিয়ে নেন। এরপর বেড়িবাঁধ থেকে তাকে কয়েকজনের পাহারায় অটোরিকশায় তুলে দেওয়া হয়। ওই ব্যক্তিরা বিজয় সরণি এলাকায় নেমে যান।

ওসি তোফায়েল বলেন, “টিটু মোটর সাইকেল নম্বর মনে রেখেছিল। ওই নম্বর ধরে এবং আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে স্বর্ণ ছিনতাইয়ে এএসআই জাহিদুলের সংশ্লিষ্টতার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়।”

এএসআই জাহিদের মোটর সাইকেলটিও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

রূপনগর থানার ওসি আরিফুর রহমান সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহিদুল ৬ মাস ধরে রূপনগর থানায় রয়েছেন। তবে ঘটনার দিন তিনি ‘ডিউটিতে’ ছিলেন না।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এঘটনায় আরও চারজন জড়িত। তার মধ্যে একজন জাহিদুলের সোর্স ছিল। তাদেরকে গ্রেপ্তার করতে পারলেই ছিনতাই হওয়া স্বর্ণলঙ্কার উদ্ধার সম্ভব হবে।”

ফরিদপুরে ‘ছিনতাইয়ের’ ৪০ ভরি স্বর্ণ উদ্ধার, পুলিশের এএসআই গ্রেপ্তার