২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘুদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে: ঊষাতন

সংখ্যালঘুদের বেলায় সিদ্ধান্তহীনতায় ‘না থেকে’ এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 10:15 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

সংখ্যালঘুদের ওপর বার বার হামলার প্রতিবাদে শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ঊষাতন তালুকদার বলেন, “সংখ্যালঘুদের বেলায় সরকার সিদ্ধান্তহীনতায় ভোগে। কেননা সংখ্যালঘুদের নিয়ে সিদ্ধান্ত নিলে হেফাজতিরা বেজার হবে। এখন সময় হয়েছে সংখ্যালঘুদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়ার।

“১৯৫৪ সাল থেকে এই সরকারকে আমরা ভোট দিয়ে আসছি। যদি সরকার মনে করে এদের দেখলেও ভোট দেবে, না দেখলেও ভোট দেবে তাহলে ভুল হবে।”

সমাবেশ থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় আইন প্রণয়নের দাবি জানানো হয়।

অবিলম্বে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ব্যবস্থা না নিলে আগামী ২২ অক্টোবর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সারাদেশে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচি পালন করবে বলেও জানান পরিষদের সভাপতি।

ঊষাতন তালুকদার বলেন, “দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

“সাম্প্রদায়িক শক্তিরা যখন খুশি অত্যাচার করবে, আগুন লাগাবে- এটা যেন তাদের কাছে খেলা। এছাড়া পাহাড়ে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে। সরকার কী করছে?

সমাবেশে নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন বক্তরা।

ফেইসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে শুক্রবার সন্ধ্যায় লোহাগড়ার দিঘলিয়া গ্রামের সাহা পাড়ায় হিন্দু বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও মন্দিরে হামলা হয়।

দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক শক্তি তৎপর রয়েছে জানিয়ে পরিষদের অন্যতম সভাপতি নিমচন্দ ভৌমিক বলেন, “সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কিন্তু তাদের মোকাবিলার জন্য যা যা প্রয়োজন সেটা করা হয়নি।

“যখনই সাম্প্রদায়িক ঘটনা ঘটছে সরকার মোকাবেলা করছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মোকাবেলা করতে পারছেন না।”

সারাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা মোকাবেলা করতে রাজনৈতিক-সামাজিক ও প্রশাসনিক দুর্বলতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশানের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার বলেন, “স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকার পরও একের পর এক নির্যাতন চালানো হচ্ছে।

“একটি কথা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে ‘আর হবে না’। আমরা আর দেখতেও চাই না, অপেক্ষাও করতে চাই না।”

রঞ্জন কর্মকার বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সংখ্যালঘু সম্প্রদায় সরাসরি ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। আমরা জানি, কিভাবে আমাদের দাবি আদায় করতে হয়। আপনারা সংখ্যালঘু জাতিগত সম্প্রদায়কে নিরাপত্তার সিদ্ধান্ত গ্রহণ করবেন।

“এখনও সময় আছে, এদিকে যদি আপনারা হস্তক্ষেপ না করেন, তাহলে আমরা রুখে দাঁড়াব। আমাদের অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে আমরা সিদ্ধান্ত নেব, কীভাবে দেশ পরিচালনা করতে হয়, কীভাবে নিজেদের অধিকার আদায় করতে হয়।”

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, সনাতন সংগঠন, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ, বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশান এবং বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ সমাবেশে সংহতি জানিয়ে অংশ নেয়। 

সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি  ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

পরিষদের প্রেসিডিয়াম সদস্য শুভ্রত চৌধুরী, শ্রী কাজল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, শ্রী জয়ন্ত কুমার দেব, শ্রী মনীন্দ্র কুমার নাথ, পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুমনা গুপ্তা, শিক্ষক ঐক্য পরিষদের অরুণ কুমার গোস্বামী, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি অশীথ কুমার রায় শিশির, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আয় কোড়াইয়া, জাতীয় হিন্দু মহাজোটের সদস্য সচিব পলাশ কান্তি দে, আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনুপম চক্রবর্তী, ঢাকা মহানগর দক্ষিণের মহিলা ঐক্য পরিষদের সভাপতি অলকা ঘোষ, যুব ঐক্য পরিষদের সভাপতি তাপস ধর, সনাতন সংগঠনের ঢাকা মহানগর ইউনিটের যুগ্ন আহ্বায়ক সাজু চৌধুরী সমাবেশে বক্তব্য দেন।

আরও খবর

সংখ্যালঘু সুরক্ষা আইনসহ ৭ দাবিতে গণঅনশন কর্মসূচি ঘোষণা  

নড়াইলে হিন্দু বাড়িতে হামলায় জড়িতদের শাস্তি দাবি বাম জোটের  

নড়াইলে হিন্দু বাড়ি পোড়ানোয় জড়িতদের শাস্তি দাবি  

ফেইসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে নড়াইলে হিন্দু বাড়িতে আগুন