২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ত্যাগের ঈদ, সংযমেরও

নেত্রকোণার ধর্মপাশা উপজেলার আবুল কাহার ও তার স্ত্রী প্রভা আক্তার নিজেরাই একটি খামারের মালিক। কিন্তু তাদের এবার কোরবানি দিতে হচ্ছে অন্যের সঙ্গে ভাগ করে। ঈদের আগে যে বন্যা এল, তাতে ভেসে গেছে খামারের এক চতুর্থাংশ গরু-ছাগল-মুরগী।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2022, 01:28 AM

Updated : 25 Oct 2022, 10:55 AM

আনন্দের ঈদ গত দুই বছর ছিল বিধি-নিষেধের বেড়াজালে বন্দি, স্বজন হারানোর বেদনায় মলিন। এ বছর পরিস্থিতি বদলেছে। গত রোজার ঈদের পর কোরবানির ঈদেও সেই বাঁধন ছিড়ে আনন্দ উদযাপনের সুযোগ মিলবে অনেকের, তবে সবার সে ভাগ্য হবে না।

জাতীয় ঈদগাহ আর মসজিদগুলো রোববার সকালের ঈদ জামাতের জন্য প্রস্তুত; পথের ভোগান্তি মেনেই কোটি মানুষ শহর থেকে গ্রামে গিয়ে মিলিত হয়েছে স্বাজনদের সঙ্গে। পশুর হাটের বিকিকিনি পর্বও শেষ।

Image
জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান ফটক; কোরবানির ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত ঈদগাহ। ছবি: আসিফ মাহমুদ অভি

জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান ফটক; কোরবানির ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত ঈদগাহ। ছবি: আসিফ মাহমুদ অভি

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মনে করিয়ে দিয়েছেন কোরবানির মর্মবাণী, উৎসবের এই আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয়। যুদ্ধের দুনিয়ায় ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি নিম্নআয়ের মানুষের কষ্ট বাড়িয়েছে, ঈদের খুশির দিনে তাদের কথা যেন বিত্তবান ও সচ্ছল ব্যক্তিরা ভুলে না যায়।

ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে সুখ আর আনন্দের বার্তা বয়ে আনুক, সেই প্রত্যাশাই রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মনে করিয়ে দিয়েছেন, করোনাভাইরাস আবার মাথাচাড়া ‍দিয়ে উঠেছে, মানুষ যেন ধৈর্য না হারায়।

মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ঈদ জাতীয় উৎসবে রূপ নেয়। ঈদে তিন দিন সরকারি ছুটি থাকে। জুন মাসের বন্যায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণার বহু পরিবারে এবার সেই উৎসবে কষ্টও মিশে থাকবে।

নেত্রকোণার ধর্মপাশার ব্যবসায়ী আবুল কাহার এবং তার স্কুল শিক্ষক স্ত্রী প্রভা আক্তার মিলে নিজেদের প্রায় সব সঞ্চয় দিয়ে খামার গড়েছিলেন। বন্যার পানিতে তাদের ১২টি গরুর মধ্যে ৩টি, আটটি খাসির মধ্যে ২টি এবং দেড় শতাধিক মুরগি মারা গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ‘আজনাত ডেইরি খামারে’র অবকাঠামো।

গরু বেচে নিজেদের কোরবানির খরচ মেটানোর পাশাপাশি খামারের অবকাঠামো আরও বড় করার পরিকল্পনা ছিল প্রভাদের। কিন্তু বিপুল পরিমাণ খড় আর ঘাস নষ্ট হয়ে যাওয়ায় বেঁচে থাকা গরু-ছাগল আর মুরগিগুলো রক্ষা করতেও তাদের হিমশিম খেতে হচ্ছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রভা বলেন, “যে তিনটি গরু মারা গেছে, তার মধ্যে বড় ষাঁড়ের দাম কয়েক দিন আগে ১ লাখ ৩০ হাজার টাকা উঠেছিল। কোরবানির সময় বিক্রি দেওয়ার কথা ছিল। কিন্তু আল্লাইতো রাখলো না।”

“প্রতিবার এক গরু দিয়ে কোরবানি দিতাম আমরা। গতবারও ৫০ হাজার টাকা দামের গরুর কোরবানি দিয়েছি। এবার অন্যদের সাথে ভাগে দিচ্ছি।”

কেবল বন্যা দুর্গতরা নন, মহামারীর দুই বছরের ধাক্কা, ইউক্রেইন যুদ্ধের জেরে মূল্যস্ফীতি, জ্বালানি সংকট মিলিয়ে উৎসবের ঈদে স্বস্তি পাবেন না আরও অনেকে।

এরকমই একজন খুলনার রিংকু হাসান। পেশায় তিনি আসবাব ব্যবসায়ী। প্রতিবছরের মত গরু কোরবানি দেওয়ার সামর্থ্য তার এবার নেই। তাই ছাগল দিয়েই সারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রিংকু বলেন, “মহামারীতে গত দুই বছর ব্যবসার অবস্থার খুব খারাপ ছিল। একটু গুছিয়ে উঠতে উঠতে জিনিসপত্রের দাম বেড়ে গেল। মানুষের আয়তো বাড়েনি। মানুষের কাছে টাকা থাকলে পরে আমার কাছ থেকে ফার্নিচার কিনবে, আমার আয় হবে। তা তো হচ্ছে না। সবদিক মিলিয়ে সামাল দেওয়াটাই কষ্টের। তাই এবার কোরবানির খরচটা কমাতে হয়েছে।”

গত দুই বছরের তুলনায় এবার পশুর হাটে মানুষের আনাগোনা বেড়েছে। কিন্তু দাম গতবারের তুলনায় আকার ভেদে ১০ থেকে ২০ হাজার টাকা বেশি দিতে হচ্ছে বলে ক্রেতাদের ভাষ্য।

প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে, দেশে মোট ৬ লাখ ৮১ হাজার ৫৩২ জন খামারির কাছে এক কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি কোরবানিযোগ্য পশু ছিল। আর কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা ৯৭ লাখ ৭৫ হাজার ৩২৫টির।

কোরবানিযোগ্য পশুর মধ্যে ৪৪ লাখ ৩৭ হাজার ৮৯৭টি গরু, ১ লাখ ৭৩ হাজার ৫০৪টি মহিষ, ৬৫ লাখ ৭৩ হাজার ৯১৫টি ছাগল, ৯ লাখ ৩৭ হাজার ৬৮২টি ভেড়া এবং ১ হাজার ৪০৯টি অন্যান্য পশু রয়েছে।    

করোনাভাইরাসের সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী হওয়ায় ফিরে এসেছে কিছু বিধিনিষেধ। ঈদ জামাতে এবার মাস্ক পরার বাধ্যবাধকতা থাকছে। জামাতে দাঁড়াতে হবে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে।

বিদ্যুৎ সংকটের কারণে এবার সব ধরনের আলোকসজ্জায় নিষেধ করা হয়েছে। আরও অনেক ক্ষেত্রেই কৃচ্ছ্রের পথে হাঁটতে হচ্ছে সরকারকে। মানুষকে ব্যয় কমানোর, সঞ্চয় বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের দিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।    

তার মধ্যেও সব প্রস্তুতিই শেষ। সকাল ৮টায় জাতীয় ঈদগাহে হবে ঈদের প্রধান জামাত। আর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত হবে।

ঢাকায় দেড় হাজারের পাশাপাশি সারাদেশে অসংখ্য মাঠ ও মসজিদে ঈদের জামাত হবে। গুরুত্বপূর্ণ ঈদ জামাতে নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।

ঈদ বিনোদনে বিটিভিসহ বিভিন্ন টেলিভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠানমালা। সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যাও প্রকাশ করেছে। হাসপাতাল, কারাগার, শিশু সদনে ঈদের দিন থাকবে বিশেষ খাবারের ব্যবস্থা।

Image
স্বজনদের সঙ্গে কোরবানির ঈদ করতে ট্রাকে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। ছবি: আসিফ মাহমুদ অভি

স্বজনদের সঙ্গে কোরবানির ঈদ করতে ট্রাকে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। ছবি: আসিফ মাহমুদ অভি

কেমন ছিল ঈদযাত্রা

দক্ষিণ জনপদের মানুষের এবারের ঈদ আনন্দ বাড়িয়ে দিয়েছে পদ্মাসেতু। গত ২৫ জুন এ সেতু উদ্বোধন হওয়ায় দক্ষিণের পথের যাত্রীদের ঈদযাত্রার ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে। আগের মত ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়নি সবাইকে।

ঢাকা থেকে ঈদ করতে খুলনায় যাওয়া খান মোহাম্মদ মারুফ সায়েদাবাদ পার হওয়ার পর নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে সাড়ে তিন ঘণ্টায় গ্রামের বাড়ি পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, “আগে ফেরিঘাটেই বসে থাকা লাগত দুই-আড়াই ঘণ্টা। পদ্মা সেতু এবার ঈদে আমাদের জন্য বাড়তি আনন্দ।”

শুক্রবার সকালে পাটুরিয়ায় গাড়ির চাপের কারণে যানবাহনের দীর্ঘ সারি পড়লেও বেলা বাড়ার সঙ্গে তা কমে আসে। শনিবারও নির্বিঘ্নে পদ্মা পার হয়েছেন যাত্রীরা।

তবে ভোগান্তি হয়েছে উত্তরের পথে। টাঙ্গাইল হয়ে যারা রংপুর, রাজশাহী বিভাগে গেছেন, যানজটের কারণে তাদের পথেই কেটেছে দীর্ঘ সময়। ফিরতি গাড়ি না আসায় টার্মিনালেও দীর্ঘ সময় বসে থাকতে হয়েছে যাত্রীদের।

Image
শুক্রবার ঈদের ছুটির প্রথম দিন ট্রেনের সময়সূচি বিপর্যয় হওয়ায় বিমানবন্দর স্টেশনে অপেক্ষায় থেকে ক্লান্ত হয়ে পড়েন অনেকে। ছবি: মাহমুদ জামান অভি

শুক্রবার ঈদের ছুটির প্রথম দিন ট্রেনের সময়সূচি বিপর্যয় হওয়ায় বিমানবন্দর স্টেশনে অপেক্ষায় থেকে ক্লান্ত হয়ে পড়েন অনেকে। ছবি: মাহমুদ জামান অভি

দুর্ঘটনা কমাতে এবার মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে তা পুরোপুরি মানা হয়নি। পুলিশও সবক্ষেত্রে বাধা দেয়নি। উত্তরের পথে কোরবানির পশুর ফিরতি ট্রাকে চড়েও অনেকে বাড়ির পথ ধরেছেন। 

পদ্মা এবং বঙ্গবন্ধু সেতু- দুই পথেই এবার এক দিনে রেকর্ড পরিমাণ টোল আদায়ের খবর এসেছে।

ঈদযাত্রার প্রথম তিন দিন ভালো গেলেও ছুটি শুরুর প্রথম দিনই ভেঙে পড়ে রেলের সূচি, ঢাকা থেকে উত্তরবঙ্গসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীদের কমলাপুরে দীর্ঘ সময় কাটে অপেক্ষা আর ভোগান্তিতে।

সদরঘাট থেকে ৪৩টি রুটে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে মানুষ লঞ্চে যাতায়াত করে। পদ্মা সেতু চালু হওয়ায় সড়কপথে ২১ জেলার সঙ্গে সরাসরি ও স্বল্প সময়ে যোগাযোগের সুযোগ তৈরি হলেও খরচ, নিরাপত্তা ও স্বস্তির কথা ভেবে বিপুল সংখ্যক মানুষ এখনও নদীপথকেই বেছে নিচ্ছেন বলে গত কয়েক দিন ধরে দেখা গেছে।

ঈদযাত্রাতেও গত দুইদিন লঞ্চে যেতে সদরঘাটে ভিড় ছিল বাড়িমুখো মানুষের। তবে আগের চেয়ে চাপ কিছুটা কম চোখে পড়েছে।

 

কোরবানির শিক্ষা

ঈদ উপলক্ষে দেওয়া বাণীতে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। বিগত দুটি বছর বাংলাদেশসহ গোটা বিশ্ব করোনা মহামারীর বিভীষিকার মধ্যেই ঈদুল-আজহা উদযাপন করেছে। বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসলেও ভবিষ্যৎ সংক্রমণ বৃদ্ধি রোধে যথাযথ সাবধানতা অবলম্বনের প্রয়োজনীয়তা রয়েছে।”

রাষ্ট্রপতির ঈদের বাণীতে এসেছে বর্তমান বিশ্ব বাস্তবতার কথাও। তিনি বলেছেন, “করোনা মহামারী ও বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ-সংঘাতের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। এ প্রেক্ষাপটে বিশ্বব্যাপী নিম্নআয়ের মানুষ নানা সীমাবদ্ধতার মাঝে দিনাতিপাত করছে। তারাও যাতে ঈদের আনন্দ হতে বঞ্চিত না হয় এবং ঈদোৎসবে শামিল হতে পারে, সেলক্ষ্যে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে প্রতিফলিত হলেই সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।”

ঈদ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “করোনাভাইরাস আবার মাথাচাড়া ‍দিয়ে উঠেছে। আল্লাহ বিপদে মানুষের ধৈর্য পরীক্ষা করেন। এ সময় সকলকে অসীম ধৈর্য নিয়ে সহনশীল ও সহানুভূতিশীল মনে একে অপরকে সাহায্য করে যেতে হবে।

“পাশাপাশি আমি এই মহামারীতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার অনুরোধ জানাই। আমরা যেন ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করি এবং আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করি যেন এই সংক্রমণ থেকে সবাই দ্রুত মুক্তি পাই।”

শেখ হাসিনা বলেন, “আসুন, আমরা সকলে পবিত্র ইদুল-আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি। আমি প্রত্যাশা করি, প্রতিবারের মতো এবারও ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে।”