২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার চলবে রংপুর এক্সপ্রেস

লালমনিরহাট বিভাগে রেলওয়ের ‘অমুসলিম কর্মচারী না থাকায়’ ঢাকা-রংপুর-ঢাকা রুটের রংপুর এক্সপ্রেস ট্রেন ঈদের আগের দিন না চালানোর যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 09:40 PM

Updated : 02 Aug 2022, 01:59 PM

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রংপুর এক্সপ্রেসের শনিবারের টিকিট বিক্রি করা হয়েছে৷ যাত্রা বাতিল করা হয়নি।"

তবে ঈদের পরদিন সোমবার ট্রেনটি চলবে কি না, সে বিষয়ে কিছু জানাতে পারেননি মাসুদ সারওয়ার।

গত বুধবার রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আউয়াল স্বাক্ষরিতে এক চিঠিতে বলা হয়, “লালমনিরহাট বিভাগে কর্মরত কর্মচারীদের মধ্যে নন-মুসলিম রানিং কর্মচারী না থাকায় ৯ জুলাই ৭৭২ নম্বর রংপুর এক্সপ্রেস ট্রেন রংপুর-ঢাকা রুটে এবং ১১ জুলাই ৭৭১ নম্বর রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা-রংপুর রুটে চলাচল করবে না।”

ওই চিঠির বিষয়টি সংবাদমাধ্যমে এলে সমালোচনার মুখে পড়ে রেলওয়ে কর্তৃপক্ষ।

রংপুর এক্সপ্রেস ঈদে দুদিন বন্ধ, কারণ ‘অমুসলিম কর্মচারী নেই’  

এ বিষয়ে প্রশ্ন করলে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “চিঠিতে কিছুটা ভুল রয়েছে। ‘অমুসলিম কর্মচারী’ বিষয়টি ভুল। ‘পর্যাপ্ত লোকবলের অভাবে’ ওই তারিখগুলোতে রংপুর এক্সপ্রেস ট্রেনটি চলবে না।”

চিঠি সংশোধন করে পুনরায় পরিপত্র জারি করা হবে বলে সে সময় তিনি জানিয়েছিলেন। তবে পরে রেল কর্তৃপক্ষ জানায়, শনিবার ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।