রংপুর এক্সপ্রেস ঈদে দুদিন বন্ধ, কারণ ‘অমুসলিম কর্মচারী নেই’
লালমনিরহাট বিভাগে রেলওয়ের ‘অমুসলিম কর্মচারী না থাকায়’ ঢাকা-রংপুর-ঢাকা রুটের রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঈদের আগের দিন ও পরের দিন চলবে না বলে এক চিঠিতে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বুধবার রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আউয়াল স্বাক্ষরিতে ওই চিঠিতে বলা হয়, “লালমনিরহাট বিভাগে কর্মরত কর্মচারীদের মধ্যে নন-মুসলিম রানিং কর্মচারী না থাকায় ৯ জুলাই ৭৭২ নম্বর রংপুর এক্সপ্রেস ট্রেন রংপুর-ঢাকা রুটে এবং ১১ জুলাই ৭৭১ নম্বর রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা-রংপুর রুটে চলাচল করবে না।”
রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজারের পক্ষ থেকে জারিকরা ওই চিঠিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে প্রশ্ন করলে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিঠিতে কিছুটা ভুল রয়েছে। ‘অমুসলিম কর্মচারী’ বিষয়টি ভুল। ‘পর্যাপ্ত লোকবলের অভাবে’ ওই তারিখগুলোতে রংপুর এক্সপ্রেস ট্রেনটি চলবে না।”
চিঠি সংশোধন করে পুনরায় পরিপত্র জারি করা হবে বলে জানান এই রেল কর্মকর্তা।
