আদিবাসী নির্যাতন: শাহবাগে বিক্ষোভ সমাবেশে শাস্তি দাবি
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ির জয়সেন পাড়ায় ‘অগ্নিসংযোগ-লুটপাট’, রাঙামাটিতে ত্রিপুরা সম্প্রদায়ের ৩ জনকে হত্যা এবং টাঙ্গাইলের গারো আদিবাসীদের ‘গুলি করে হত্যার হুমকির’ প্রতিবাদে ঢাকার শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছেন আদিবাসী শিক্ষার্থীরা।
বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ শুক্রবার বেলা ১১টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ আয়োজন করে। তাদের সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশে অংশ নেয় বাংলাদেশ ত্রিপুরা ক্রিশ্চিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।
সমাবেশে বলা হয়, গত ৫ জুলাই খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আদিবাসী, পাহাড়ি অধিবাসীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং ৩৭টি বাড়িতে অগ্নিসংযোগ এবং কয়েকজনকে আহত করা হয়।
আদিবাসীদের জায়গাজমি, সম্পত্তি ‘দখল এবং জাতিগত নিষ্পেষণ চালানোর উদ্দেশ্যেই’ দুর্বৃত্তরা বাড়িঘর পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন বক্তারা।
৬ জুলাই টাঙ্গাইলের মধুপুরে বাইদে (বাইদ বলতে মধুপুর গড়ের বাসিন্দারা বনের নিচু জমিকে বোঝান) আদিবাসী গারো নারী কৌশল্যা নকরেক এবং তার পরিবার নিজেদের কৃষি জমিতে চাষ করার সময় টাঙ্গাইল বনবিভাগের দোখলা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেনের নেতৃত্বে বাধা দেওয়া হয় বলে সমাবেশে অভিযোগ করা হয়।
সে সময় কৌশল্যাকে গুলি করারও হুমকি দেওয়া হয় বলে এই গারো নারীর অভিযোগ।
এর আগে গত ২১ জুন রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের তিনজনকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার পর ফেইসবুকে দায় স্বীকার করে বিবৃতি দেয় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে পাহাড়ের একটি সশস্ত্র সংগঠন।
সমাবেশে বক্তারা এসব ঘটনায় জড়িত অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আদিবাসীদের নিরাপত্তার দাবি জানান।
আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ বলেন, “কয়েকদিন পরপরই পাহাড় কিংবা সমতলে যারা বাংলাদেশের প্রাণ প্রকৃতিকে রক্ষা করে চলছে সেই আদিবাসীদের ওপর নির্যাতন চলছে।
“আমরা বারবার এই অনিয়মের বিরুদ্ধে এই শাহবাগে দাঁড়াচ্ছি। কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত একটি খুন বা নির্যাতনের বিচার হয়নি।”
“কিন্তু রাষ্ট্রীয় প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। "
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অলিক মৃ বলেন, “এই সরকার তের বছর যাবত ক্ষমতায় আছে কিন্তু পার্বত্য শান্তি চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না।"
বাংলাদেশ ত্রিপুরা ক্রিশ্চিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি গৌরব ত্রিপুরা বলেন, “এই দেশে এই নির্যাতনের মধ্যে আমরা কীভাবে বেঁচে থাকব? সরকারের কাছে আমাদের দাবি, এই সকল নির্যাতনকারীকে বিতাড়িত করেন।”
মানবাধিকার কর্মী মহিবুল হক বলেন, “আদিবাসীদের ওপর যে নির্যাতন চলছে তা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। কোনো মানুষ মেনে নিতে পারে না। মানবাধিকার মেনে নিতে পারে না।
“এগুলো বাংলাদেশের সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে আমি মনে করি এবং এগুলো আন্তর্জাতিক মানবাধিকার সনদের পরিপন্থি। একজন ভিন্ন মতাবলম্বী নাগরিকও তার পূর্ণ অধিকার নিয়ে এদেশে বসবাস করবে।”
মহালছড়িতে যারা আগুন দিয়েছে, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে তাদের বিচারের দাবি জানান মহিবুল হক।
আদিবাসী যুব ফোরামের সভাপতি অনন্ত নামাই, আদিবাসী যুব পরিষদ সভাপতি হরেন্দ্রনাথ সিং, হাজং স্টুডেন্ট কাউন্সিল ঢাকা মহানগর শাখার সভাপতি নাইম হাজংস সমাবেশে বক্তব্য দেন।
