২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহালছড়িতে আগুন: ইউপিডিএফের বিবৃতি

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ির জয়সেন পাড়ায় অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে পাহাড়ের তিন সংগঠন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2022, 06:46 PM

Updated : 02 Aug 2022, 01:58 PM

মঙ্গলবার ঘটনার পর পরই দেওয়া বিবৃতিতে ‘অগ্নিসংযোগকারী’ হিসেবে কারো পরিচয় না দিয়ে ‘হামলাকারী’ বলে   উল্লেখ করেছে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন।

তবে পুলিশের দাবি, ‘পাহাড়িরা নিজেরাই জনমানবহীন’ এসব ঘরে আগুন দিয়েছে।

গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পাহাড়িদের ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

নেতারা বলেন, “মঙ্গলবার সকালের দিকে মাইসছড়ির জয়সেন পাড়া থেকে দুই শতাধিক ‘হামলাকারী’ সংঘবদ্ধ হয়ে পাহাড়িদের ঘরবাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়।

“এতে অন্তত ৩৭টি ঘর ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়। হামলাকারীরা পাহাড়িদের ব্যবহৃত হাড়ি-পাতিল, কাপড়-চোপড়সহ সব জিনিসপত্র লুট করে নিয়ে যায়।”

এ ঘটনায় আহতদের সুচিকিৎসা এবং ‘ভূমি বেদখল’ বন্ধ করে পাহাড়িদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানায় তিন সংগঠন।

হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার মহালছড়ি থানার ওসি হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সর্বমোট তিনটি ঘরে আগুন দেওয়া হয়েছে। পরবর্তীতে যাতে বাঙালিরা এসব জায়গা দখল করতে না পারে সেকারণে পাহাড়িরা নিজেরায় এই ঘটনা ঘটিয়েছে।”

“সাধারণত এসব ঘরে কেউ থাকেন না; জনমানবশূন্য ঘর বলা যায়। এর আগেও এখানে বিভিন্ন সময় ঝামেলা হয়েছে।“

ঘটনার পর এখন পর্যন্ত থানায় কেউ মামলা করতে আসেননি বলেই জানান ওসি।

সিপিবির বিবৃতি

মহালছড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিবৃতিতে বলেন, “আমরা জানতে পারলাম, গত ৫ জুলাই মহালছড়িতে আদিবাসীদের জায়গা-জমি, সম্পত্তি দখল এবং জাতিগত নিষ্পেষণ চালানোর উদ্দেশ্যে স্থানীয় আদিবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়।  

~দীর্ঘদিন ধরে একের পর এক এ ধরনের হামলা, অপহরণের ঘটনা পাহাড়ে ঘটে চললেও আদিবাসীদের নিরাপত্তা সরকার নিশ্চিত করতে পারছে না।”

নেতারা হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করে বলেন, রাষ্ট্রের সব জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। নিরাপদ ও স্বাধীন জীবনযাপনের পরিবেশ জনগণের মৌলিক অধিকার।