২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবে গুলিবিদ্ধ: সুস্থতার প্রার্থনা মোমেনের

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের গুলিবিদ্ধ হওয়াকে অত্যন্ত দুঃখজনক হিসাবে বর্ণনা করে ঘটনার নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 02:41 PM

Updated : 02 Aug 2022, 01:59 PM

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, “শিনজো আবে আমার ঘনিষ্ঠজন এবং তিনি বাংলাদেশেরও অকৃত্রিম বন্ধু।”

আবের উপর গুলি চালানোর ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “আমরা তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি।”

জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে নারা শহরে এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় আবেকে (৬৭) লক্ষ্য করে গুলি করা হয়, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পড়ে যান তিনি। পরে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গুলিবিদ্ধ শিনজো আবে হাসপাতালে  

আবেকে বাঁচাতে চিকিৎসকরা ‘লড়াই’ করে যাচ্ছেন বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় ৪১ বছর বয়সী সন্দেহভাজন একজনকে আটক করার পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।