বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ড ঘটেছে ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবন লাগোয়া চার তলা ভবনে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চার তলা ওই ভবনের তৃতীয় তলায় চিকিৎসা কেন্দ্রে আগুন লাগে বলে ব্যাংক কর্মকর্তারা জানান।
তারা বলেন, চিকিৎসা কেন্দ্র থেকে ব্যাপক কালো ধোঁয়া বের হচ্ছিল।
চিকিৎসা কেন্দ্রের একটি পুরনো রেফ্রিজেরেটরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ধো্ঁয়ার সূত্রপাত বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসা কেন্দ্রের ডিসপেনসারি (ওষুধ বিতরণ কেন্দ্র) বিভাগে থাকা রেফ্রিজেরেটরে শর্ট সার্কিট থেকে ধোঁয়ার উৎপত্তি হয়।
“তাৎক্ষণিকভাবে ব্যাংকের উপস্থিত কর্মীরা বিদ্যুতের সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। সার্বক্ষণিক উপস্থিত থাকা ফায়ার সার্ভিসের ইউনিটটিও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”
অগ্নিকাণ্ডের খবর শুনে বাইরে থেকে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট বাংলাদেশ ব্যাংকে গিয়েছিল। কিন্তু তার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা রাফি আল ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল ৬টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদটি আসে। দমকল বাহিনীর চারটি ইউনিটের প্রচেষ্টায় ৬টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।”
এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, “অদ্য আনুমানিক বিকাল ৬টা ২০ ঘটিকায় বাংলাদেশ ব্যাংকের (দ্বিতীয় সংলগ্নী ভবনরে ৪র্থ তলা) মেডিকেল সেন্টারে শর্ট সার্কিটের কারণে জরুরি ঔষধ সংরক্ষণাগারের ফ্রিজের কম্প্রেসারে আগুনের সূত্রপাত হয়। বাংলাদেশ ব্যাংকের সার্বক্ষণিক দায়িত্বে থাকা রিজার্ভ ফায়ার ব্রিগেড ইউনিট ব্যাংকের নিজস্ব ফায়ার হাইড্রেন্ট সিস্টেমের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এতে বাংলাদেশ ব্যাংকের নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”
এর আগে ২০২০ সালের ২৪ জুন বাংলাদেশ ব্যাংক চত্বরে অবস্থিত ক্যান্টিনের পেছনে ‘বাংলাদেশ ব্যাংক কর্মচারী ভোগ্যপণ্য’ ভবনের পাশে খালি জায়গায় ফেলে রাখা কার্টনের স্তূপে আগুন লেগেছিল। এই ভবনটিও ৩০ তলা মূল ভবন সংলগ্ন।
