শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের ইমাম উদ্দিনের সাজা বহাল
ভ্রাম্যমাণ আদালতের জরিমানার অর্থ আত্মসাতের মামলায় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের বরখাস্ত অফিস সহকারী ও মুদ্রাক্ষরিক মো. ইমাম উদ্দিনের ২৮ বছরের কারাদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট। তবে একই মামলায় তার স্ত্রী কমলা আক্তারকে খালাস দিয়েছে আদালত।
দণ্ডের বিরুদ্ধে ইমাম উদ্দিনের আপিল খারিজ ও কমলা আক্তারের আপিল গ্রহণ করে সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়।
২০১৮ সালের সেপ্টেম্বরে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচটি ধারায় ইমাম উদ্দিনকে মোট ২৮ বছর এবং তার স্ত্রী কমলা আক্তারকে ৮ বছরে কারাদণ্ড দিয়েছিল ফরিদপুরের বিভাগীয় বিশেষ জজ আদালত। পরে এ দণ্ডের বিরুদ্ধে তারা হাই কোর্টে আপিল করেন।
আাদালতে আপিলের পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস কান্তি বল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী কামরুন নেসা রত্না।
শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী ও মুদ্রাক্ষরিক মো. ইমাম ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের ২৬ মে পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এ সময় তার স্ত্রী একই অফিসের অফিস সহকারী কমলা আক্তারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের আদায় করা ৮৯ লাখ ৯৪ হাজার ২৪ টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন।
এ বিষয়ে ২০১৫ সালের ১৮ জুন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম জিনিয়া জিন্নাত বাদী হয়ে পালং থানায় একটি মামলা করেন। এ মামলায় ভুয়া জমা দেখিয়ে টাকা আত্মসাত করার মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতি, অফিসের সঙ্গে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ আনা হয়।
পরে আদালতের নির্দেশে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাফিজুর ইসলাম মামলাটি তদন্ত করেন। তদন্ত শেষে ইমাম উদ্দিনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪৬৭, ৪৭৭ক, ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন- ১৯৪৭ এর ৫(২) ধারায় এবং কমলা আক্তারের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ১০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন- ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগপত্র দেওয়া হয়।
এ মামলার বিচার শেষে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ফরিদপুরের বিশেষ জজ মতিয়ার রহমান পাঁচটি ধারায় ইমাম উদ্দিনকে মোট ২৮ বছর এবং কমলা আক্তারকে ৮ বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদেরকে অর্থদণ্ডও দেয় আদালত। এ রায়ের বিরুদ্ধে স্বামীর আপিল খারিজ ও স্ত্রী আপিল গ্রহণ করে রায় দিল উচ্চ আদালত।
আপিলকারীর আইনজীবী তাপস কান্তি বল বলেন, “বিচারিক আদালত ইমাম উদ্দিনকে পাঁচটি ধারায় মোট ২৮ বছরের কারাদণ্ড দেয়। রায়ে সবগুলো ধারার দণ্ড একসাথে চলবে উল্লেখ করা হয়। পাঁচটি ধারার মধ্যে একটি ধারায় সর্বোচ্চ সাজা ১০ বছরের কারাদণ্ড। আপিল খারিজ হওয়ায় ইমাম উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।”
