২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ১৪ দিন সড়ক সংস্কার বন্ধ চায় এফবিসিসিআই

আসন্ন ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে বিভিন্ন সড়কে চলমান সংস্কার ও নির্মাণ কাজ ঈদের আগে ও পরে ১৪ দিন বন্ধ রাখার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2022, 12:01 AM

Updated : 02 Aug 2022, 01:17 PM

রোববার সংগঠনের পরিবহন ও যোগাযোগ (রেল, সড়ক ও মহাসড়ক) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।

এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত সভায় সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, “বিভিন্ন সড়কে সংস্কার ও নির্মাণ কাজ চলায় যানবাহনের গতি ধীর হয়ে যায়; যা দীর্ঘ যানজট সৃষ্টি করে। ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে তাই ২৭ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সব ধরনের সংস্কার ও নির্মাণ কাজ বন্ধ রাখার আহ্বান জানাই।“

ওই কয়েকদিন যেসব পয়েন্টে বেশি যানজট হয়, সেখানে সার্বক্ষণিক হাইওয়ে পুলিশ মোতায়েনের আহ্বান জানান তিনি।

এফবিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ট্যান্ডিং কমিটির ওই বৈঠকে সড়কে চাঁদাবাজি বন্ধে সরকারি সংস্থাগুলোর কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শককে শিগগির চিঠি পাঠানোর কথাও জানিয়েছে ব্যবসায়ীদের এ শীর্ষ সংগঠন।

বৈঠক থেকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষদের ঈদযাত্রায় ভোগান্তি কমাতে মাওয়া ও আরিচায় বাড়তি ফেরি ও ফেরির ‘ট্রিপের’ সংখ্যা বাড়ানোর অনুরোধ করা হয়েছে।

ঈদে ভোগান্তির শঙ্কায় বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক  

এছাড়া পদ্মা সেতুর টোল নির্ধারণে এফবিসিসিআই, সড়ক পরিবহন মালিক সমিতি ও বাস ট্রাক মালিক সমিতিকে সম্পৃক্ত করার দাবি জানান ব্যবসায়ী নেতারা।

সম্প্রতি সরকার পদ্মা সেতুর টোল ও অন্যান্য বিষয় ব্যবস্থাপনার জন্য চীন ও দক্ষিণ কোরিয়ার একটি যৌথ কোম্পানিকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে।

এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটির সভায় কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ জানান, রাজধানীর জয়কালী মন্দির ও ইত্তেফাক মোড়ে প্রতি রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেআইনিভাবে চাঁদা তোলেন। এটি বন্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা আনতে সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা, সেবার বিকেন্দ্রীকরণ, বিআরটিএকে কার্যকর করা, ফিটনেস সনদের নামে ‘ঘুষ বাণিজ্য’ ও ‘চাঁদাবাজি’ বন্ধের দাবিও জানানো হয় বৈঠক থেকে।

সংগঠনের পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, সাবেক পরিচালক আব্দুল হক, স্ট্যান্ডিং কমিটির কো চেয়ারম্যান মে. জাহাঙ্গীর আলম, এম হুমায়ুন কবীর, ফারুক তালুকদার সোহেল, গোলাম কবীর, জি রহমান শহীদ, বজলুর রহমান রতনসহ অন্যান্য সদস্য ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।