দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত
রাজধানীর তিলপাপাড়া এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্ত্রী নিহত ও স্বামী আহত হয়েছেন।
নিহতের নাম নাসরিন খানম (১৯)। আর আহত হয়েছেন তার স্বামী মোটরসাইকেল চালক মো. শিপন (২৩)।
শুক্রবার রাত ১১টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া ১৩ নম্বর রোডে লাকী ফার্মেসির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খিলগাঁও থানার উপপরিদর্শক সোনিয়া পারভীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, লাকী ফার্মেসির সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন ঘটনাস্থলেই মারা যান। তারপরও পথচারীরা নাসরিন ও শিপনকে খিদমাহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাসরিনকে মৃত ঘোষণা করেন।
শিপনের বাসা দক্ষিণ গোরানে জানিয়ে তিনি বলেন, পুলিশ গাড়িটি জব্দ করেছে। তবে নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ নিয়ে যান।
তারা পুলিশকে জানায়, “যেহেতু মানুষই বেঁচে নেই; তাহলে ঝামেলায় জড়িয়ে কী হবে।“
শিপনের আহতের ধরন গুরুতর নয় জানিয়ে তিনি বলেন, শিপন ট্রমায় আছেন। তিনি একটি লেদ মেশিনে কাজ করেন।
এর আগে গত ২২ জানুয়ারি ভোররাতে মহাখালীতে ফ্লাইওভারের নিচে উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কায় প্রাণ হারান একই সিটি করপোরেশনের এক নারী পরিচ্ছন্নতাকর্মী।
এ দুটিসহ ঢাকায় গত কয়েক মাসে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় পাঁচজন মারা গেলনে।
গত বছরের ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত হয়েছিলেন নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান।
তার একদিন বাদেই পান্থপথে উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান সংবাদকর্মী আহসান কবীর।
এরপর ২৩ ডিসেম্বর পুরান ঢাকার ওয়ারী এলাকায় ময়লার গাড়ির চাপায় নিহত হন স্বপন কুমার সরকার নামে এক বৃদ্ধ।
