এমবিবিএস ভর্তিতে প্রতি আসনে লড়বেন ৩৩ জন
এবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ঢাকায় আবেদনকারীর সংখ্যা ৬১ হাজার ৬৭৮ জন।
শুক্রবার অনুষ্ঠেয় ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এই পরীক্ষায় সরকারি মেডিকেল কলেজের প্রতিটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৩ জন। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে প্রতিটি আসনের জন্য লড়বেন ১৩ জন।
সারাদেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে এই সংখ্যা ৬ হাজার ৪৮৯টি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বেলা ১০টায় পরীক্ষা শুরু হবে। এমসিকিউ পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত।
“এমসিকিউর ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসির ২০০ নম্বর, মোট ৩০০ নম্বরের মাধ্যমে সরকারি মেডিকেল কলেজের জন্য ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থী নির্বাচন করা হবে। এর বাইরে যারা এমসিকিউর ১০০ নম্বর থেকে ৪০ এর বেশি পাবেন তাদের মধ্য থেকে বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী নেওয়া হবে। তবে সরকারি হাসপাতালে সুযোগ পাওয়া কোনো শিক্ষার্থী চাইলে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে।”
তিনি জানান, সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য মুক্তিযোদ্ধা কোটায় ৮৭টি এবং উপজাতিদের জন্য ৩৩টি আসন বরাদ্দ থাকবে। বাকি ৪ হাজার ২৩০টি আসনে ৮০ শতাংশ জাতীয় মেধায় এবং ২০ শতাংশ জেলা কোটায় প্রার্থী নির্বাচন করা হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৮টি মেডিকেল কলেজ এবং একটি ডেন্টাল কলেজ কেন্দ্রের অধীনে ৫৭টি পরীক্ষা কেন্দ্র থাকছে। ঢাকায় কেন্দ্রের সংখ্যা ১৮টি। ১ হাজার ৭৯২টি হলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
