কাপাসিয়ার সানাউল্লাহ হত্যা: সব আসামি হাই কোর্টে খালাস
একুশ বছর আগে গাজীপুরের কাপাসিয়ায় তরুণ সানাউল্লাহ সরকার হত্যা মামলায় জজ আদালতে মৃত্যুদণ্ড পাওয়া পাঁচজন এবং যাবজ্জীবনের দুই আসামির সবাইকে খালাস দিয়েছে হাই কোর্ট।
মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন এবং আসামিদের আপিলের শুনানি করে বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেয়।
আসমিদের মধ্যে কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের রফিকুল ইসলাম, আতিকুল ইসলাম, সেলিম শেখ, নয়ন শেখ, আনোয়ার হোসেন শেখ মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন।
আর যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন আবদুল মোতালেব ও শামসুদ্দিন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবুল হোসেন, গোলাম আব্বাস চৌধুরী দুলাল, আমিনুল ইসলাম ও মোসলেম উদ্দিন।
হাই কোর্টের এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আপিল করবে হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।
মামলার বিবরণে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জেরে ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সানাউল্লাহ সরকারকে হত্যা করা হয়। স্থানীয় একটি স্কুল থেকে ২০ বছর বয়সী ওই তরুণের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সানাউল্লাহর ভাই আসাদুজ্জামান বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। বিচার শেষে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২০১৬ সালের ৯ অগাস্ট এ মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাই কোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিপক্ষ এ রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করে।
নয়জনের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলম শেখ আপিল শুনানির সময় কনডেম সেলে মারা যান। আর যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আনোয়ারা বেগমেরও মৃত্যু হয় আপিল শুনানির মধ্যে।
ডেথ রেফারেন্স ও আসামিপক্ষের আপিল শুনানি শেষে গত ২২ মার্চ মামলাটি রায়ের পর্যায়ে আসে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মামলায় বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত সকল আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত, কারণ হিসেবে আদালত বলছে- এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। কেউ সাক্ষ্য দিয়ে প্রমাণ করেনি যে এরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।"
তিনি বলেন, “স্থানীয় নারী ইউপি সদস্য আনোয়ারা বেগম এবং মোতালেবের মেয়ে মরিয়মকে কলঙ্কিত করার একটি অভিযোগ সানাউল্লাহ বিরুদ্ধে ছিল। সেজন্য সানাউল্লাহ এবং তার আত্মীয় স্বজনকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু এই হুমকি দেওয়া হয়েছিল বলে যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন, তারা সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে পারেননি। ফলে আদালত সবাইকে বেকসুর খালাস দিয়েছে।"
এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করা হবে জানিয়ে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, "এটি একটি হত্যাকাণ্ড, সানাউল্লাহকে হত্যা করা হয়েছে। হত্যার আগে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং খোঁজ করা হয়েছে। এই আসামিরাই খোঁজ করেছে। আপিল করার এ রকম আরও কারণ আছে।"
