কাপাসিয়ার সানাউল্লাহ হত্যা: আসামিদের আপিলের রায় ২৯ মার্চ
একুশ বছর আগে গাজীপুরের কাপাসিয়ার তরুণ সানাউল্লাহ সরকার হত্যা মামলায় সাত আসামিকে বিচারিক আদালতের দেওয়া সাজা হাই কোর্টে বহাল থাকবে কি না তা জানা যাবে ২৯ মার্চ।
এ মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন পাওয়া আসামিদের আপিল শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাই কোর্ট বেঞ্চ রায়ের এ দিন ঠিক করে দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.বশির উল্লাহ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবুল হোসেন, গোলাম আব্বাস চৌধুরী দুলাল, আমিনুল ইসলাম ও মোসলেম উদ্দিন।
ব্যক্তিগত বিরোধের জেরে ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সানাউল্লাহ সরকারকে হত্যা করা হয়। স্থানীয় একটি স্কুল থেকে ২০ বছর বয়সী ওই তরুণের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সানাউল্লাহর ভাই আসাদুজ্জামান বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। বিচার শেষে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২০১৬ সালের ৯ অগাস্ট এ মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের রফিকুল ইসলাম, আতিকুল ইসলাম, আলম শেখ, সেলিম শেখ, নয়ন শেখ, আনোয়ার হোসেন শেখ।
আর আনোয়ারা বেগম, আবদুল মোতালেব ও শামসুদ্দিনের হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড।
পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাই কোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিপক্ষ এ রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডপ্রাপ্ত নয়জনের মধ্যে আপিল শুনানিকালে দুইজন মারা যান।
তাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলম শেখ মারা যান কনডেম সেলে। আর যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আনোয়ারা বেগমও আপিল শুনানির মধ্যে মারা যান।
এখন মৃত্যুদণ্ড পাওয়া পাঁচজন এবং যাবজ্জীবনের দুই আসামির সাজা বহাল থাকবে কি না, আগামী ২৯ মার্চ সেই সিদ্ধান্ত দেবে হাই কোর্ট।
