বিদ্রোহে মৃত্যুদণ্ডের বিধান হচ্ছে নতুন আনসার আইনে
আনসার বাহিনীতে ‘বিদ্রোহ বা ষড়যন্ত্রের’ মত ঘটনায় নিজস্ব আদালতে বিচার এবং মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন করার প্রস্তাবে সায় দিয়েছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘আনসার ব্যাটালিয়ন আইন ২০২২’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ১৯৯৫ সালের যে আনসার ব্যাটালিয়ন আইনটি রয়েছে, সেটি বর্তমান প্রয়োজনের নিরিখে সংশোধন করতে গিয়ে দেখা গেল অনেক বেশি পরিবর্তন করতে হয়।
“সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল, এটা আর পরিবর্তনের প্রয়োজন নাই, নতুন করে আনসার ব্যাটালিয়ন আইন প্রণয়ন করা হোক। এ প্রেক্ষিতেই উনারা এটি নিয়ে এসেছেন।”
মন্ত্রিপরিষদ সচিব জানান, এ বাহিনীর সদস্যদের অপরাধের বিচারের জন্য পৃথক ‘সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ন আদালত’ এবং ’বিশেষ আনসার ব্যাটালিয়ন আদালত’ করার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত খসড়ায়।
কোন আদালতে কেমন অপরাধের বিচার হবে, সেই ধারণা দিয়ে তিনি বলেন, সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ান আদালতে ‘সাধারণ’ অপরাধের বিচার হবে। বাহিনীর অস্ত্র, গোলাবারুদ, পোশাক বা যানবাহনের যন্ত্রাংশ- ইত্যাদি পরিকল্পিতভাবে নষ্ট করার জন্য সংক্ষিপ্ত আদালতে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড ও আর্থিক ক্ষতির ক্ষেত্রে সমপরিমাণ অর্থদণ্ড করা যাবে।
“অন্যান্য অপরাধের জন্য সর্বোচ্চ ৯০ দিনের কারাদণ্ড দেয়া যাবে। এটা হল জেনারেল ক্রাইমের জন্য, যেমন চুরি করা বা সম্পদ নষ্ট করার জন্য।”
গুরুতর অপরাধের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রাখার কথা জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “যদি শৃঙ্খলা সম্পৃক্ত অপরাধ করে বা বিদ্রোহের চেষ্টা করে বা প্ররোচনা ও ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা সর্বনিম্ন ৫ বছরের জেল হবে। এটা হবে বিশেষ আনসার আদালতে। যেগুলো বড় অপরাধ সেগুলোর বিচার এখানে হবে।”
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মহাপরিচালক সরকারের অনুমোদনক্রমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যূন পরিচালক মর্যাদার তিনজন কর্মকর্তার সমন্বয়ে সংক্ষিপ্ত আনসার আদালত গঠন করবেন।
আর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন, আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন কর্মকর্তার সমন্বয়ে বিশেষ আনসার আদালত গঠন করে দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আনসার ব্যাটালিয়ন আদালত যে রায় দেবে, তার বিরুদ্ধে আপিল করার জন্য আনসার ব্যাটালিয়ন আপিল ট্রাইব্যুনালও থাকবে।
আদালতগুলো ‘সেনাবাহিনীর সামরিক আদালতের মত’ হবে জানিয়ে সচিব বলেন, “তাদের বাহিনীর ভেতরে যে অপরাধ সেগুলোর জন্য এ আদালত। কিন্তু আনসারের লোক বাইরে গিয়ে মারামারি করলো বা অন্য কিছু করলো সেগুলো কিন্তু নরমাল কোর্টে বিচার হবে।”
নতুন আইনের খসড়ায় ৩৩টি ধারা রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এখানে কতগুলো বিষয় রাখা হয়েছে, যেমন মহাপরিচালক থাকবেন, সরকারের নিয়ন্ত্রণে ব্যাটালিয়ন পরিচালনা করবেন। মহাপরিচালক আইনের বিধি-প্রবিধি এবং সরকারের নির্দেশনা সাপেক্ষে প্রয়োজনীয় আদেশ জারি করবেন। সরকার এর সাংগঠনিক কাঠামো ও পদ নির্ধারণ করে দেবে। নিয়োগ ও চাকরির শর্তও নির্ধারণ করে দেবে।”
ব্যাটালিয়নের কোনো সদস্য রাজনৈতিক বা অরাজনৈতিক কোনো সংগঠনের সদস্য হতে পারবেন না। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ইলেক্ট্রনিক মিডিয়া বা কোনো সংবাদপত্র বা কোথাও তথ্য প্রকাশ করতে পারবেন না।
“ডিসিপ্লিনারি আপিল বা অসদাচারণের জন্য যেমন দুই ধরনের দণ্ড আছে- লঘুদণ্ড ও গুরুদণ্ড, তাদের ক্ষেত্রেও সেটা হবে। বিভাগীয় মামলায় গুরুদণ্ডের বিরুদ্ধে প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগীয় সচিবের কাছে এবং লঘুদণ্ডের বিরুদ্ধে মহাপরিচালকের কাছে আপিল করা যাবে।”
সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে আনসার ব্যাটালিয়ন আইনের খসড়ার পাশাপাশি ‘এজেন্সি টু ইনোভেট (এটুআই) আইন এবং মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করা হয়।
