ঢাকার বাড্ডায় ঘরে দগ্ধ চারজনের একজনের মৃত্যু
ঢাকার বাড্ডার এক বাসায় রান্নাঘরের গ্যাসের আগুনে দগ্ধ এক পরিবারের চারজনের মধ্যে একজন মারা গেছেন।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন এণ্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু সাঈদ (৩৮)।
সকালে দুই সন্তান ও স্ত্রীসহ দগ্ধ হয়েছিলেন সাঈদ।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন জানান, সাঈদের দেহের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
সাঈদের স্ত্রী রেখা (৩৫) দেহের ৩০ শতাংশে আগুনের ক্ষত নিয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দুই সন্তান সাফা (৯) ও সাফিয়ানের (৭) শরীরের যথাক্রমে ১১ ও ২৫ শতাংশ পুড়েছে।
সকালে সাতারকুলের একটি তিন তলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অগ্নিদগ্ধ হয় সাঈদের পরিবার।
তাদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ সজীব বলেছিলেন, রান্নাঘরে কোনোভাবে গ্যাসের ‘লিকেজ’ হয়েছিল। সকালে চুলা ধরাতে গিয়ে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
