বাড্ডায় গ্যাসের আগুনে এক পরিবারের ৪ জন দগ্ধ
ঢাকার বাড্ডার এক বাসায় রান্না ঘরের গ্যাসের আগুনে দুই সন্তানসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন।
বুধবার সকালে সাতারকুলের একটি তিন তলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান।
দগ্ধরা হলেন, আবু সাঈদ (৩৮), তার স্ত্রী রেখা (২৯), তাদের মেয়ে সাফা (৯) ও ছেলে সাফিয়ান (৭)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধ চারজনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ওই চারজনকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ সজীব বলেন, রান্নাঘরে কোনোভাবে গ্যাসের ‘লিকেজ’ হয়েছিল। সকালে চুলা ধরাতে গিয়ে আগুনের সূত্রপাত হয় বলে তাদের মনে করছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যর ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। পরে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
