২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চেতনা’র নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১০

চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের এক প্রতিষ্ঠানের ১০ কর্তাব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাব বলছে, অধিক মুনাফা ও টাকা দ্বিগুণের কথা বলে তারা গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 08:42 PM

Updated : 28 Apr 2022, 11:55 PM

আশুলিয়াসহ বিভিন্ন স্থানে মঙ্গলবার থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বুধবার কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে জানায় র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ইকবাল হোসেন সরকার (৩৫), মাজহারুল ইসলাম (৩৫), মমিন হোসেন (৩৫), জাহাঙ্গীর আলম (৩৫), ইব্রাহিম খলিল (৩৫), এস এম মকবুল হোসেন (৪০), মিজানুর রহমান (৩৮), আল আমিন হোসেন (২৮), ফজলুল হক (৩৫) ও নুর হোসেন (২৭)।

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের প্রতারণার বর্ণনা দিতে গিয়ে র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজ্জাম্মেল হক বলেন, “ইসলামী শরীয়াহ মোতাবেক উচ্চ মুনাফার আশা এবং বিভিন্ন সময় বিভিন্ন সঞ্চয়ী প্রকল্প, ডিপিএস, এফডিআর, পেনশন পলিসি, হজ্জ পলিসি, প্রজেক্ট, বাগান, ডেইরি ফার্ম ফ্ল্যাট ইত্যাদি দেখিয়ে পাঁচ শতাধিক গ্রাহককে তাদের সদস্যভুক্ত করে।

“তারা রিকশাওয়ালা, গার্মেন্ট কর্মীসহ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত গ্রাহকদের টার্গেট করে লাখে প্রতি মাসে ১ হাজার থেকে ৩ হাজার টাকা লভ্যাংশ; কোনো কোনো ক্ষেত্রে ১৮ থেকে ৩০ শতাংশ হারে মুনাফা এবং স্থায়ী আমানতের ক্ষেত্রে ৩/৫ বছরের দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করেছে।”

প্রতিষ্ঠানটি প্রথমদিকে লভ্যাংশ দিলেও ধীরে ধীরে টালবাহানা করতে থাকে। এ অবস্থায় গ্রাহকরা টাকা ফেরত চাইলে ১৬ মার্চ অফিস বন্ধ করে কর্মকর্তারা গা ঢাকা দেয়। তারপর ১৯ মার্চ প্রতিষ্ঠানটির অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগীরা।

এরপরই গোয়েন্দা নজরদারি বাড়িয়ে ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা মোজ্জাম্মেল হক।

তিনি বলেন, “তদন্তকালে দেখা যায়, গ্রাহকদের মধ্যে অধিকাংশই নিজের পেনশনের টাকা, গ্রামের ভিটেবাড়ি বিক্রি করা টাকা, বিদেশ থেকে কষ্ট করে অর্জিত অর্থ উক্ত সংস্থায় উচ্চ মুনাফা লাভের আশায় জমা রাখতেন।”

২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠিত ‘চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’র কর্মকর্তারা বিভিন্ন জায়গায় নামে-বেনামে জায়গা-জমি কেনার পাশপাশি বহুতল ভবন নির্মাণ, বিভিন্ন ছোট-বড় কারখানা করেছে বলেও জানান র‌্যাব-৪ অধিনায়ক মোজাম্মেল। তিনি বলেন, “বিভিন্ন সময়ে নামে-বেনামে বিভিন্নভাবে তারা বিদেশে অর্থপাচার করেছে।”

অতিরিক্ত ডিআইজি মোজ্জাম্মেল হক জানান, এই ঘটনা তদন্ত করতে গিয়ে জানা গেছে, সংস্থার সভাপতি বরিশালে জন্মগ্রহণ করা মুহাম্মদউল্লাহ আশুলিয়ার নরসিংহপুরে বসবাস করেন। তার বাবা একজন গাড়ি চালক ছিলেন। এই সংস্থা গঠনের পর আশুলিয়াতে তার পাঁচ তলা বাড়ি এবং একাধিক ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

“সংস্থার সহসভাপতি গ্রেপ্তার ইকবাল হোসেন সরকার মূলত মুহাম্মদউল্লাহর বন্ধু। তারও আশুলিয়ায় পাঁচতলা বাড়ি এবং সাভার ও আশুলিয়াতে একাধিক প্লটের সন্ধান পাওয়া গেছে।”

গ্রেপ্তার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামেরও সাভার, আশুলিয়া এলাকায় একাধিক বাড়ি ও প্লট রয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়ার কথা সংবাদ সম্মেলনে জানানো হয়।

র‌্যাব-৪ অধিনায়ক মোজাম্মেল বলেন, “যুগ্ম-সম্পাদক মমিন হোসেন, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, বিগত কমিটির সভাপতি তাজুল ইসলামসহ এই প্রতিষ্ঠানের কর্মকর্তা পর্যায়ের অনেকের সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় একাধিক বাড়ি-প্লটের সন্ধান পাওয়া গেছে।

‘চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ সমবায় সমিতি আইনে নিবন্ধিত হলেও তারা চেতনা পরিবার, রিয়েল এস্টেট ব্যবসা ‘চেতনা গার্ডেনিয়া’ এবং ‘চেতনা পরিবার কল্যাণ ফাউন্ডেশন’ নামে তিনটি প্রতিষ্ঠান গড়ে তোলার কথা গ্রাহকদের জানালেও এসব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানান র‌্যাব-৪ অধিনায়ক।