২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট বার: প্রথম দিন ভোট পড়েছে ২৮২৭

দেশের সর্বোচ্চ আদালতে আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে শেষ দিনের ভোটগ্রহণ চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 11:21 AM

Updated : 25 Oct 2022, 10:18 AM

বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া দ্বিতীয় দিনের ভোট দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিন মঙ্গলবার দুই হাজার ৮২৭ জন ভোটার ভোট দিয়েছেন বলে নির্বাচন উপ-কমিটির সদস্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত জানিয়েছেন।

সমিতির ২০২২-২০২৩ মেয়াদের এ নির্বাচনে মোট ভোটার আছেন ৮ হাজার ৬২৩ জন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ৫১ বুথে ভোট গ্রহণ চলছে।

নির্বাচন উপ-কমিটির সদস্য অমিত দাস গুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রথম দিনের ভোট শেষে ব্যালট বাক্সগুলো সোনালী ব্যাংকের সুপ্রিম কোর্ট শাখার ভল্টে রাখা হয়েছে। শেষ দিনের ভোট শেষে ব্যালট বাক্সগুলোও একই ভল্টে রাখা হবে। এরপর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে।”

জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের একটি উপ-কমিটি নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করছে।

এ নির্বাচনের মধ্য দিয়ে সমিতির সভাপতি, দুজন সহ-সভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুজন সহ-সম্পাদক এবং সাতটি কার্যনির্বাহী সদস্য পদে এক বছরের জন্য নিজেদের প্রতিনিধি নির্বাচিত করছেন ভোটাররা।

১৪টি পদের বিপরীতে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন ৩৩ জন।  এর মধ্যে কার্যকরী কমিটির সাতটি সদস্য পদের ভোট ডিজিটাল পদ্ধতিতে নেওয়া হচ্ছে।

পেশাজীবীদের এ সংগঠনেরে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা ‘সাদা প্যানেল’ এবং বিএনপি সমর্থকরা ‘নীল প্যানেল’ এর হয়ে অংশ নেন। তাদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়।

সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে মো. মোমতাজ উদ্দিন ফকির, সহ-সভাপতি পদে মো. শহীদুল ইসলাম ও মোহাম্মদ হোসেন এবং সম্পাদক পদে মো. আবদুন নুর (দুলাল) এবার প্রার্থী হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন মো. ইকবাল করিম, সহ-সম্পাদক পদে এ বি এম হামিদুল মিসবাহ ও মো. হারুন অর রশিদ।

সদস্য পদে এ প্যানেলের সাত প্রার্থী হলেন- ফাতেমা বেগম, হাসান তারিক, মো. মনিরুজ্জামান রানা, মুনমুন নাহার, শফিক রায়হান শাওন, শাহাদাত হোসাইন (রাজিব) ও সুব্রত কুমার কুণ্ডু।

বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. বদরুদ্দোজা (বাদল)। সহ সভাপতি পদে মনির হোসেন ও মো. আসরারুল হক, সম্পাদক পদে মো.রুহুল কুদ্দুস (কাজল) প্রার্থী হয়েছেন।

সুপ্রিম কোর্ট বারে ভোটগ্রহণ শুরু হচ্ছে মঙ্গলবার  

কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ কামাল হোসেন, সহ সম্পাদক পদে মাহফুজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

এ প্যানেলের সাতটি সদস্য পদে ফাতিমা আক্তার, কামরুল ইসলাম, মাহদীন চৌধুরী, মো. আনোয়ারুল ইসলাম, মো. গোলাম আক্তার জাকির, মো. মঞ্জুরুল আলম (সুজন) এবং মো. মোস্তফা কামাল বাচ্চু ।

এর বাইরে সভাপতি পদে এবারও মো. ইউনুস আলী আকন্দ প্রার্থী হয়েছেন। সভাপতি পদে নতুন প্রার্থী হিসেবে নাম লিখিয়েছেন তানিয়া আমীর, তিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এম আমীর উল ইসলামের মেয়ে।

গতবছর এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। আর রুহুল কুদ্দুস কাজল টানা দ্বিতীয়বারের মতো সম্পাদক নির্বাচিত হন।

পরে মতিন খসরুর মৃত্যুতে সমিতির কার্যনির্বাহী কমিটির সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ সমর্থক অংশ সভাপতি হিসেবে এ এম আমিন উদ্দিনের নাম ঘোষণা করছে বিএনপি সমর্থকরা আপত্তি তোলে। এ নিয়ে বিশেষ সাধারণ সভায় হট্টগোলও হয়।