সুপ্রিম কোর্ট বারে ভোটগ্রহণ শুরু হচ্ছে মঙ্গলবার
দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার শুরু হচ্ছে।
সমিতির ২০২২-২০২৩ মেয়াদের এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৬২৩ জন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ভোট গ্রহণের জন্য ৫১ বুথ প্রস্তুত করা হয়েছে।
জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের একটি উপ-কমিটি নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করছে।
১৪টি পদের বিপরীতে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন ৩৩ জন। সভাপতি, দুজন সহ-সভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুজন সহ-সম্পাদক এবং সাতটি কার্যনির্বাহী সদস্য এক বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন।
এর মধ্যে কার্যকরী কমিটির সাতটি সদস্য পদের ভোট ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।
পেশাজীবী সংগঠনেরে এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা ‘সাদা প্যানেল’ এবং বিএনপি সমর্থকরা ‘নীল প্যানেল’র হয়ে অংশ নেয়।
সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা হলেন- সভাপতি পদে মো. মোমতাজ উদ্দিন ফকির, সহ-সভাপতি পদে মো. শহীদুল ইসলাম ও মোহাম্মদ হোসেন এবং সম্পাদক পদে মো. আবদুন নুর (দুলাল)।
কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন মো. ইকবাল করিম, সহ-সম্পাদক পদে এ বি এম হামিদুল মিসবাহ ও মো. হারুন অর রশিদ।
এ প্যানেলের সাত সদস্য পদে প্রার্থী হলেন- ফাতেমা বেগম, হাসান তারিক, মো. মনিরুজ্জামান রানা, মুনমুন নাহার, শফিক রায়হান শাওন, শাহাদাত হোসাইন (রাজিব) ও সুব্রত কুমার কুণ্ডু।
বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. বদরুদ্দোজা (বাদল)। সহ সভাপতি পদে মনির হোসেন ও মো. আসরারুল হক, সম্পাদক পদে মো.রুহুল কুদ্দুস (কাজল) প্রার্থী হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ কামাল হোসেন, সহ সম্পাদক পদে মাহফুজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান।
এ প্যানেলের সাতটি সদস্য পদে ফাতিমা আক্তার, কামরুল ইসলাম, মাহদীন চৌধুরী, মো. আনোয়ারুল ইসলাম, মো. গোলাম আক্তার জাকির, মো. মঞ্জুরুল আলম (সুজন) এবং মো. মোস্তফা কামাল বাচ্চু ।
এর বাইরে সভাপতি পদে এবারও মো. ইউনুস আলী আকন্দ প্রার্থী হয়েছেন। সভাপতি পদে নতুন প্রার্থী হিসেবে নাম লিখিয়েছেন তানিয়া আমীর, তিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এম আমীর উল ইসলামের মেয়ে।
