২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্ত কর্মকর্তার ‘অবহেলায়’ হোসাইনী দালানে বোমা হামলার হোতারাই বাইরে: আদালত

হোসাইনী দালানে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে দুজনকে কারাদণ্ড দেওয়া হলেও তদন্ত কর্মকর্তার ‘চরম অবহেলায়’ মূল পরিকল্পনাকারী আইনের আওতার ‘বাইরে রয়ে গেছে’ বলে পর্যবেক্ষণ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 05:53 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করে বলেছেন, ‘শুধু আসামির সংখ্যা বাড়ানোর জন্যই’ তদন্ত কর্মকর্তা এ মামলার চার আসামিকে বিচারের জন্য সোপর্দ করে ‘হয়রানি’ করেছে।

আলোচিত এ মামলার আট আসামির মধ্যে আরমান ওরফে মনিরকে ১০ বছরের কারাদণ্ড এবং কবির হোসাইন ওরফে রাশেদ ওরফে আশিককে ৭ বছরের কারাদণ্ডের পাশাপাশি দুজনকেই জরিমানা করেছেন বিচারক।

অভিযোগে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় রুবেল ইসলাম ওরফে সজীব, ওমর ফারুক মানিক, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ, শাহজালাল মিয়া, চান মিয়া, আবু সাঈদ রাসেল ওরফে সোলায়মান ওরফে সালমান ওরফে সায়মনকে খালাস দেওয়া হয়েছে।

আসামিদের খালাস দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. শফিউদ্দিন শেখের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারক।

তিনি বলেন, তদন্ত কর্মকর্তা ‘মারাত্মক ভুল’ করেছেন এবং ‘চরমভাবে দায়িত্বে অবহেলার’ পরিচয় দিয়েছেন।

২০১৫ সালের ২৩ অক্টোবর গভীর রাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসাইনী দালানে বোমা হামলা হয়। এতে দুজন নিহত ও শতাধিক লোক আহত হন।

এ ঘটনায় রাজধানীর চকবাজার থানায় এসআই জালাল উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ডিবি দক্ষিণের পুলিশ পরিদর্শক মো. শফিউদ্দিন শেখ ২০১৬ সালের নভেম্বরে ১০ জনকে আসামি করে অভিযোগপত্র দেন।

তাদের মধ্যে দুজনকে আইজীবীরা ‘নাবালক’ দাবি করায় জন্মসনদ পরীক্ষা করে আদালত সিদ্ধান্ত দেয়, তারা শিশু। পরে এ মামলায় আলাদা দুটি সম্পূরক অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। এর মধ্যে আটজনের বিরুদ্ধে মামলাটির রায় হল মঙ্গলবার। বাকি দুই শিশুর বিরুদ্ধে আলাদাভাবে বিচার চলছে শিশু আদালতে।

মামলার নথিতে বলা হয়, হোসাইনী দালানে হামলায় জেএমবির ১৩ জঙ্গি জড়িত ছিল। এদের মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের সময় তিনজন কথিত ‘বন্দুকযুদ্ধে’ মারা যান।

আসামিদের মধ্যে তিনজনের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির কথা উল্লেখ করে রায়ে বলা হয়, “আসামি মো. কবির হোসেন ওরফে রাশেদ ওরফে আরিফ এবং মো. আরমান ওরফে মনিরের জবানবন্দি পর্যালোচনায় দেখা যায়, গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশ দাতা ছিল আলবানী এবং নোমান।

“তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে উল্লেখ করেছেন, হিরন ওরফে কামাল, আলবানী ওরফে হুজ্জা এবং আব্দুল্লাহ ওরফে আলাউদ্দিনের নাম পাওয়া গেলেও মামলায় গ্রেপ্তার হওয়ার পূর্বে তারা বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে তাদের নাম পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

Image
তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে শুক্রবার গভীর রাতে বোমা হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে হোসাইনী দালান ইমামবাড়ায়;ঘটনাস্থলে পড়ে থাকা জুতা-স্যান্ডেলের ছবি সকালে তোলা। ছবি: তানভীর আহাম্মেদ

তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে শুক্রবার গভীর রাতে বোমা হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে হোসাইনী দালান ইমামবাড়ায়;ঘটনাস্থলে পড়ে থাকা জুতা-স্যান্ডেলের ছবি সকালে তোলা। ছবি: তানভীর আহাম্মেদ

“কিন্তু তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. শফিউদ্দিন শেখ কার কাছ থেকে কিংবা কোথায় কীভাবে জানতে পেরেছেন যে হিরন ওরেফে কামাল, আল বানী ওরফে হুজ্জা, আব্দুল্লাহ ওরফে আলাউদ্দিন বন্দুক যুদ্ধে নিহত হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করেননি। তাদের বন্দুকযুদ্ধে নিহত হওয়ার সমর্থনে কোনো কাগজপত্রও দাখিল করেননি।”

রায়ে বিচারক বলেন, “ইমাম বাড়ায় গ্রেনেড হামালার নির্দেশ দাতা ও পরিকল্পনাকারী নোমানকে কেন আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি, সে বিষয়েও তদন্তকারী কর্মকর্তা কোনো বক্তব্য দেননি।

“পূর্ণ তদন্ত না করে মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা আলবানী ও নোমান এবং গ্রেনেড হামলাকারী হিরণ ওরফে কামালকে এই মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত না করে এবং কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ ছাড়াই আসামি চান মিয়া, ওমর ফারুক, ওরফে মানিক, হাফেজ আহসানউল্লাহ মাহমুদ এবং শাহজালাল মিয়াকে অত্র মামলায় আসামি হিসেবে সোপর্দ করে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. শফিউদ্দিন শেখ মারাত্মক ভুল করেছে এবং চরমভাবে দায়িত্বে অবহেলার পরিচয় দিয়েছে।

“এর ফলে হোসাইনি দালান ইমাম বাড়ায় গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী নির্দেশদাতা ও হামলাকারী আইনের আওতার বাইরে রয়েছে।”

আসামি কবির হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির কথা উল্লেখ করে বিচারক বলেন, “আসামি আবু সাঈদ অন্যদের সঙ্গে মিটিং করে এবং ঘটনাস্থল রেকি করে। কিন্তু স্বীকারোক্তিতে অপর আসামি আরমান তার নাম বলেননি।

“পরীক্ষিত কোনো সাক্ষীও বলেনি যে, আসামি আবু সাঈদ ইমাম বাড়ায় গ্রেনেড হামলায় জড়িত। তার নিকট থেকে কোনো আলামত উদ্ধার হয়নি। শুধুমাত্র সহ আসামির জবানবন্দির উপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া কোনভাবেই নিরাপদ নয় যে, আসামি আবু সাঈদ গ্রেনেড হামলার সঙ্গে জড়িত। তাই তার বিরুদ্ধে অভিযোগ কোনোভাবেই প্রমাণিত হয়নি।”

আসামি কবির ও আরমান স্বীকারোক্তিতে রুবেলের নাম বলেনি বলে রায়ে জানান বিচারক।

হোসাইনী দালানে বোমা: দুইজনের কারাদণ্ড, ৬ জন খালাস  

১০ জঙ্গিকে আসামি করে হোসাইনী দালানে বোমা হামলার অভিযোগপত্র

পুরান ঢাকায় শিয়াদের সমাবেশে বোমা হামলায় নিহত ১, আহত অর্ধশতাধিক

“কবির বলেছে, সজীব বোমা হামলার জন্য দায়ী বা ঘটনাস্থল রেকি করেছে। পরবর্তীতে বিচারের সময় কোনো সাক্ষীও তা উল্লেখ করেননি। রুবেল ইসলামের অপর নাম যে সজীব, কোনো সাক্ষী তা বলেননি এবং তদন্ত কর্মকর্তা অন্যভাবেও তা প্রমাণ করতে পারেননি। তাই প্রসিকিউশন রুবেল ইসলাম ওরফে সুমন ওরফে সজীব এর বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।”   

রায়ে বলা হয়, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া কবির হোসেন ও আরমান ওরফে মনির গ্রেনেড হামলার ঘটনায় চান মিয়া, ওমর ফারুক ওরফে মানিক, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ কিংবা  শাহজালাল মিয়ার জড়িত থাকার পক্ষে কোনো বক্তব্য দেননি। কোনো সাক্ষীও ওই চারজনের নাম বলেননি। কোনো আলামতও তাদের কাছ থেকে উদ্ধার করা যায়নি।

“এই চার আসামি ইমাম বাড়ায় বিস্ফোরণে জড়িত মর্মে কোনো সাক্ষ্য উপস্থাপনে প্রসিকিউশন পক্ষ চরমভাবে ব্যর্থ হয়েছে। এই আসামিরা কীভাবে হামলায় জড়িত তার ব্যাখ্যা তদন্ত কর্মকর্তা উল্লেখ করেননি। শুধুমাত্র আসামির সংখ্যা বাড়ানোর জন্য অযথাই তদন্তকারী কর্মকর্তা এই চার আসামিকে এ মামলায় বিচারের জন্য সোপর্দ করেছে।”

বিচারক বলেন, “তদন্ত কর্মকর্তার খামখেয়ালির কারণে চার আসামি হয়রানির শিকার হয়েছেন এবং তারা শারীরিক, আর্থিক ও মানসিক কষ্টের শিকার হয়েছেন।””

দুই আসামির সাজার কারণ ব্যাখ্যা করে বিচারক বলেন, “প্রসিকিউশন পক্ষ শুধুমাত্র আসামি মো. কবির হোসেন ওরফে রাশেদ এর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ১০ ধারায় অপরাধ এবং আসামি মো. আরমান ওরফে মনিরের বিরুদ্ধে একই আইনের ১২ ধারায় অপরাধ প্রমাণ করতে পেরেছে।”

সে কারণে কবির হোসেনকে সাত বছর কারাদণ্ড এবং আরমানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। দুই আসামিকেই ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু বলেছেন, এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে। তবে আসামিপক্ষের অন্যতম আইনজীবী ফারুক আহম্মদ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

আলোচিত এ মামলার রায় শুনতে আদালতে আসছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর স্টেট কোর্টের ছয় সদস্য। আদালত ভবনের প্রবেশপথে ও বারান্দায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

জামিনে থাকা আসামিদের সঙ্গে আসা কয়েকজন স্বজনকে রায়ের সময় আদালতের বাইরে অপেক্ষা করতে দেখা যায়। রায়ের পর খালাস পাওয়া আসামির স্বজনদের সন্তোষ প্রকাশ করেন।