২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হোসাইনী দালানে বোমা: দুইজনের কারাদণ্ড, ৬ জন খালাস

সাত বছর আগে পুরান ঢাকার হোসাইনী দালানে শিয়া সমাবেশে বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ জঙ্গি দল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ- জেএমবির দুই সদস্যকে দশ ও সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 11:45 AM

Updated : 25 Oct 2022, 10:18 AM

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান মঙ্গলবার এ মামলার রায়ে বাকি ছয় আসামিকে খালাস দিয়েছেন। 

আসামিদের মধ্যে আরমান ওরফে মনিরকে ১০ বছরের কারাদণ্ড এবং কবির হোসাইন ওরফে রাশেদ ওরফে আশিককে ৭ বছরের কারাদণ্ডের পাশাপাশি দুজনকেই জরিমানা করেছেন বিচারক।

অভিযোগে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় রুবেল ইসলাম ওরফে সজীব, ওমর ফারুক মানিক, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ, শাহজালাল মিয়া, চান মিয়া, আবু সাঈদ রাসেল ওরফে সোলায়মান ওরফে সালমান ওরফে সায়মনকে খালাস দেওয়া হয়েছে।

এই আটজনের মধ্যে কবির হোসাইন, সজীব ও আরমানকে কারাগার থেকে এজলাসে হাজির করা হয়। জামিনে থাকা বাকি পাঁচজনও রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।   

আলোচিত এ মামলার রায় শুনতে আদালতে আসছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর স্টেট কোর্টের ছয় সদস্য। আদালত ভবনের প্রবেশপথে ও বারান্দায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

২০১৫ সালের ২৩ অক্টোবর গভীর রাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসাইনী দালানে বোমা হামলা হয়। এতে দুজন নিহত ও শতাধিক লোক আহত হন। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি বোমা (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস- আইইডি) উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাজধানীর চকবাজার থানায় এসআই জালাল উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি চকবাজার থানা পুলিশ তদন্ত করে। পরে এর তদন্তভার গোয়েন্দা পুলিশ- ডিবিতে স্থানান্তর করা হয়।

তদন্ত শেষে ডিবি দক্ষিণের পুলিশ পরিদর্শক মো. শফিউদ্দিন শেখ ২০১৬ সালের এপ্রিল জেএমবির ১০ জঙ্গিকে আসামি করে অভিযোগপত্র অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান।

মন্ত্রণালয়ের অনুমোদনের পর সে বছর নভেম্বরে ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

তাদের মধ্যে দুজনকে আইজীবীরা ‘নাবালক’ দাবি করায় জন্মসনদ পরীক্ষা করে আদালত সিদ্ধান্ত দেয়, তারা শিশু।

পরে এ মামলায় আলাদা দুটি সম্পূরক অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। এর মধ্যে আটজনের বিরুদ্ধে মামলাটির রায় হল মঙ্গলবার। বাকি দুই শিশুর বিরুদ্ধে আলাদাভাবে বিচার চলছে শিশু আদালতে।

২০১৭ সালের ৩১ মে এ মামলার প্রাপ্তবয়স্ক আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়েছিল। পরে মামলাটি ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। ২০১৮ সালের ১৪ মে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বদলি হয় এ মামলা।

আসামিদের মধ্যে আরমান, রুবেল ও কবির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। মামলাটিতে ৪৬ জন সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য নেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, হোসাইনী দালানে হামলায় জেএমবির ১৩ জঙ্গি জড়িত ছিল। এদের মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের সময় তিনজন কথিত ‘বন্দুকযুদ্ধে’ মারা যান।

অভিযোগপত্রে বলা হয়, ‘বন্দুকযুদ্ধে’ নিহত আবদুল্লাহ বাকি ওরফে নোমান ছিলেন হামলার মূল পরিকল্পনাকারী। হামলার আগে ১০ অক্টোবর তারা বৈঠক করে পরিকল্পনা চূড়ান্ত করেন।

বোমা হামলার সময় ঘটনাস্থলে ছিলেন আরমান, কবির হোসেনসহ তিনজন। আরমান ঘটনাস্থলে পর পর পাঁচটি বোমা নিক্ষেপ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। হামলার পর আশ্রয় নিতে কামরাঙ্গীর চরে তিনিই বাসা ভাড়া করেন।

গত ১ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের পর্যায়ে আসে।

আরও পড়ুন

হোসাইনী দালানে বোমা হামলার রায় মঙ্গলবার

ইমামবাড়ায় হামলা: ১০ জঙ্গির বিচার শুরু  

১০ জঙ্গিকে আসামি করে হোসাইনী দালানে বোমা হামলার অভিযোগপত্র  

হোসাইনী দালানে হামলা: অভিযোগ গঠনের শুনানি আবার পেছাল  

তাজিয়া মিছিলে বোমা হামলা: মামলার বিচার আটকা সাক্ষ্যে  

হোসাইনী দালানে বোমাবাজরা ঢুকেছিল ‘মিছিলের সঙ্গে’  

হোসাইনী দালানে বোমা: সিসি ক্যামেরার তথ্য বিশ্লেষণে গোয়েন্দারা

পুরান ঢাকায় শিয়াদের সমাবেশে বোমা হামলায় নিহত ১, আহত অর্ধশতাধিক