২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোসাইনী দালানে হামলা: অভিযোগ গঠনের শুনানি আবার পেছাল

হোসাইনী দালানে বোমা হামলার মামলায় জেএমবির দশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন আবারও পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2017, 07:32 PM

Updated : 19 Aug 2022, 04:38 PM

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অসুস্থতার কারণে ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির আগামী ৩১ মে নতুন তারিখ রাখেন।

সন্ত্রাস বিরোধী আইনের মামলাটির অভিযোগ গঠনের শুনানি এ নিয়ে তৃতীয়বারের মতো পিছিয়ে গেল।

এর আগে কারাগার থেকে আসামিদের আদালতে না আনা ছাড়াও বিভিন্ন  কারণে শুনানি পিছিয়ে যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস পাল।

গত বছরের ১৯ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলায় তদন্ত ও অনুমোদন বিষয়ক আনুষ্ঠানিকতা শেষে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়ে।

আসামিদের মধ্যে চারজন জামিনে এবং ছয়জন কারাগারে আছেন।

কারাগারে থাকা আসামিরা হলেন- মাসুদ রানা সুমন, মো. কবীর হোসাইন রাশেদ, আবু সাঈদ সালমান, মো. আরমান মনির, জাহিদ হাসান রানা, রুবেল ইসলাম সুমন।

জামিনে থাকা আসামিরা হলেন- চান মিয়া, ওমর ফারুক মানিক, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ ও শাহজালাল মিয়া।

এ মামলায় অভিযোগপত্রে সরকারের অনুমোদন মেলে গত বছরের ২৯ জুনে। আর অভিযোগপত্র তৈরি হয় একই বছরের ২১ এপ্রিল। তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহা. শফিউদ্দিন শেখ এ অভিযোগপত্র দেন।

গত ৯ ফেব্রুয়ারি বিচারক অভিযোগপত্র আমলে নেন।

২০১৫ সালের ২৩ অক্টোবর গভীর রাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসাইনী দালানে বোমা হামলা হয়। এতে দুজন নিহত ও শতাধিক লোক আহত হন।