দুই শিশুর মৃত্যু: নাপা সিরাপের বোতল সিআইডি থেকে ঔষধ প্রশাসনে
যে বোতলের নাপা সিরাপ খেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুর মৃত্যুর কথা বলা হচ্ছে, আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য অবশিষ্ট সিরাপসহ সেই বোতলটি সিআইডি থেকে ঔষধ প্রশাসনে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
সিআইডি জানিয়েছে, বোতল আগেই জব্দ করা হলেও ওই বোতলে ওষুধের উপকরণে কোনো সমস্যা আছে কি না, তা পরীক্ষা করতেই তা অধিদপ্তরে পাঠান হচ্ছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (কেমিকেল) মো. নাজমুল করিম খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেসব উপকরণ দিয়ে নাপা সিরাপ তৈরি হয়, সেসব উপকরণ ওই বোতলে থাকা অবশিষ্ট সিরাপে আছে কি না, বা কোনো তারতম্য আছে কিনা সেটা জানার জন্য বোতলটি ওষুধ প্রশাসনে পাঠানো হবে।"
ঔষুধ প্রশাসন কোনো গরমিল পেলে পরের ধাপে সিআইডি তাদের নিজস্ব পরীক্ষা-নিরীক্ষায় যাবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর গ্রামের এক পরিবারের ৭ ও ৫ বছর বয়সী দুই ছেলের জ্বর হওয়ায় বৃহস্পতিবার বিকালে স্থানীয় দোকান থেকে নাপা সিরাপ কিনে সেটি খাওয়া তাদের পরিবার।
এরপর দুই শিশুরই বমি শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসক দেখিয়ে বাড়ি আনার পথে রাতে ঘন্টাখানেকের ব্যবধানে দুজনই মারা যায়।
ঘটনাটি জানাজানি হলে পরদিন শুক্রবার সারাদেশের পাইকারি ও খুচরা দোকান পরিদর্শন করে নাপা সিরাপের একটি ব্যাচের ওষুধ পরীক্ষা করার নির্দেশ দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। সেদিনই নাপা সিরাপের ওই বোতল জব্দ করে সিআইডিতে পাঠায় স্থানীয় পুলিশ।
সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, আশুগঞ্জের যে দোকান থেকে কেনা ওষুধ সেবনের পর শিশু দুটি মারা গেছে, সেই দোকান থেকে আটটি বোতল জব্দ করা হয়েছে। এছাড়া ডিপো থেকে আরও দুটি ব্যাচের নমুনাও সংগ্রহ করা হয়েছে।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এই প্যারাসিটামল সিরাপের তিন ব্যাচের নমুনা পরীক্ষা করে ক্ষতিকর কিছু মেলেনি বলে জানান তিনি।
কিন্তু যে বোতলের সিরাপ খেয়ে শিশু দুটির মৃত্যুর কথা বলা হচ্ছে, সেখানে কোনো সমস্যা ছিল কি না তা জানতে এখন ওই বোতল পরীক্ষার জন্য অপেক্ষায় থাকতে হবে।
পুরনো খবর
