২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেই: শাহরিয়ার

বাংলাদেশে চীনের মিসাইল রক্ষণাবেক্ষণ কেন্দ্র গড়ে তোলার যে খবর প্রকাশিত হয়েছে, সেটাকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 12:50 AM

Updated : 02 Aug 2022, 03:07 PM

Image
ঢাকার গুলশানে লেইক শোর হোটেলে বুধবার এসডিজি বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকার গুলশানে লেইক শোর হোটেলে বুধবার এসডিজি বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি: আসিফ মাহমুদ অভি

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এই ধরনের কিছু হয়নি অতীতে এবং হওয়ার কোনো সম্ভাবনাও নাই।

“তবে স্বাভাবিকভাবে একটা দেশে থেকে যখন কোনো যন্ত্রাংশ ক্রয় করা হয়,… এটার জন্য সেটার মেইনটেইন্যান্সের বিষয় সাপ্লায়ার-রিলেশন্সে থাকে।

”কিন্তু এর বাইরে নতুন করে কোনো স্থাপনা নির্মাণের পরিকল্পনা নেই। এবং অতীতে এমন কোনো স্থাপনা ছিল না, যেটাকে হাব হিসাবে ব্যবহার করা হবে। ইটস কমপ্লিটলি ফলস অ্যান্ড মিসলিডিং।”

বাংলাদেশে চীন একটি ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ হাব নির্মাণ করতে যাচ্ছে বলে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে জাপানি সংবাদমাধ্যম নিকেই এশিয়া।

তাতে বলা হয়, “২০১১ সালে চীনের সরবরাহ করা ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের রক্ষণাবেক্ষণের জন্য একটি হাব নির্মাণের প্রস্তুতি নিচ্ছে চীন। আর তাতে দুঃশ্চিন্তায় পড়েছে ভারত।”

এই স্থাপনা নির্মাণে চীনা কোম্পানি ভ্যানগার্ড সহযোগী হিসাবে থাকছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ঢাকা ও বেইজিংয়ের তরফে এই বিষয়ক চুক্তির বিষয় ঘোষণা করেনি। তবে দুই পক্ষ এ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।

রোববার এক অনুষ্ঠানের খবর স্বীকার কিংবা অস্বীকার না করে ঢাকায় চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীন নিজ দেশের বাইরে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশেই সামরিক স্থাপনা বা ঘাঁটি নির্মাণ করবে না।

“যদি বাংলাদেশ সরকার অনুরোধ করে মেরামত কারখানার মতো কিছু করার, সেটা ভিন্ন ব্যাপার। আমি এ বিষয়ে প্রকাশিত খবরটি নিশ্চিত করতে পারছি না। আমাকে এটা যাচাই করতে হবে।”

তার স্পষ্ট বক্তব্যের পরদিন সরকারের অবস্থান খোলাসা করতে গিয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন,

“চায়না-বাংলাদেশ মেইনটেইন্যান্স সেন্টার বা চায়না-বাংলাদেশ মিসাইল মেনটেইন্যান্স সেন্টার, হোয়াটেভার রিহ্যাবিলিটেশন সেন্টার, এই রকম কিছু নেইও এবং নতুন করে তৈরি করার কোনো পরিকল্পনাও নাই।”

প্রথম মিসাইল রক্ষণাবেক্ষণ হাব নির্মাণের খবর দেওয়া জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে লিখিতভাবে প্রতিবাদ জানানোর কথা বলেছেন শাহরিয়ার আলম।

প্রতিমন্ত্রী আরও বলেন, মিসাইল কেনার সময় যে রক্ষণাবেক্ষণ চুক্তি হয়েছিল, এর বাইরে আর নতুন কিছুই হবে না।

বাংলাদেশে ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ কেন্দ্র: সত্যাসত্য নিশ্চিত করেননি চীনা দূত