বাংলাদেশে ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ কেন্দ্র: সত্যাসত্য নিশ্চিত করেননি চীনা দূত
বাংলাদেশে চীনের ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের যে খবর প্রকাশিত হয়েছে, তা স্বীকার বা অস্বীকার কিছুই না করে চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, খবরটি তার যাচাই করতে হবে।
রোববার ঢাকায় এক অনুষ্ঠানে এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, চীন নিজ দেশের বাইরে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশেই সামরিক স্থাপনা বা ঘাঁটি নির্মাণ করবে না।
“যদি বাংলাদেশ সরকার অনুরোধ করে মেরামত কারখানার মতো কিছু করার, সেটা ভিন্ন ব্যাপার। আমি এ বিষয়ে প্রকাশিত খবরটি নিশ্চিত করতে পারছি না। আমাকে এটা যাচাই করতে হবে।”
বাংলাদেশে চীন একটি ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ হাব নির্মাণ করতে যাচ্ছে বলে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে জাপানি সংবাদমাধ্যম নিকেই এশিয়া।
তাতে বলা হয়, “২০১১ সালে চীনের সরবরাহ করা ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের রক্ষণাবেক্ষণের জন্য একটি হাব নির্মাণের প্রস্তুতি নিচ্ছে চীন। আর তাতে দুঃশ্চিন্তায় পড়েছে ভারত।”
এই স্থাপনা নির্মাণে চীনা কোম্পানি ভ্যানগার্ড সহযোগী হিসাবে থাকছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ঢাকা ও বেইজিংয়ের তরফে এই বিষয়ক চুক্তির বিষয় ঘোষণা করেনি। তবে দুই পক্ষ এ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।
রোববার ঢাকার একটি হোটেলে ঢাকায় চীন দূতাবাসের আয়োজনে ‘স্প্রিং ডায়ালগ উইথ চায়না’ শীর্ষক অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন রাষ্ট্রদূত জিমিং।
ইউক্রেইন যুদ্ধের ক্ষেত্রে চীনের রাশিয়ার পক্ষে অবস্থান নেওয়ার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, “ঠিক সেই রকম না। আমরা বাংলাদেশের মতো একটা অবস্থান নিয়েছি। আমরা চাই, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক।”
ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রসহ তার মিত্র দেশগুলো নিন্দা জানালেও চীনের ভূমিকা ভিন্ন।
জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা একটি প্রস্তাবে চীন ভোটদানে বিরত ছিল। বাংলাদেশসহ আরও ৩৪টি দেশও ভোটদানে বিরত থাকে।
বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ ‘শান্তি চায়’ এবং ‘যুদ্ধের বিপক্ষে’ বলে ভোটদানে বিরত ছিল।
