ইউক্রেইন যুদ্ধ: বাংলাদেশে ‘পক্ষপাতদুষ্ট খবর’ দেখছেন রুশ রাষ্ট্রদূত
ইউক্রেইন যুদ্ধের খবর প্রকাশ করতে গিয়ে বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমও পশ্চিমা গণমাধ্যমের অনুকরণে রাশিয়াবিরোধী খবর দিচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেকজান্দার ভেকিয়েনসেভিচ মান্তেস্কি।
বাংলাদেশের গণমাধ্যমের সম্পাদকদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে রোববার এ অভিযোগ করেন তিনি।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া পাশের দেশ ইউক্রেইনে সামরিক অভিযান শুরু করার পর তা সারাবিশ্বেই সংবাদ মাধ্যমে আলোচিত মূল বিষয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশের সংবাদ মাধ্যমেও সেই খবর আসছে প্রতিনিয়ত।
রাষ্ট্রদূত মান্তেস্কি বলেন, “পশ্চিমা সংবাদ সংস্থার একটি বড় সংখ্যক সম্পাদকীয় নিবন্ধ, কপিরাইট ও পুনর্মুদ্রণ আমি দেখেছি। পাশাপাশি রয়েছে ইউক্রেইনের ঘটনায় রাশিয়া-বিরোধী প্রপাগান্ডামূলক ইউরোপীয় ও আমেরিকান বিশেষজ্ঞদের লেখা।
”কোনো কোনো ক্ষেত্রে প্রকাশিত ও সম্প্রচারিত এসব সংবাদ রাশিয়ার বিরুদ্ধে পক্ষপাতমূলক, বিদ্বেষমূলক, এমনকি ঘৃণাসূচক।”
পশ্চিমা গণমাধ্যমের এসব রাশিয়া-বিরোধী ও ’নির্জলা রাশিয়া-বিদ্বেষী’ খবর বাংলাদেশের কিছু গণমাধ্যমে ’হুবহু প্রকাশ করছে ও ছড়িয়ে দিচ্ছে’ বলে রুশ রাষ্ট্রদূতের পর্যবেক্ষণ।
তিনি বলেন, রাশিয়া ও বাংলাদেশের পারস্পরিক লাভজনক সম্পর্ককে খাটো করতে যারা তৎপর, তাদের চেষ্টার ফলহিসাবে এ ‘পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি’ তৈরি হয়েছে।
“আমি মনে করি, রাশিয়া ও বাংলাদেশের মধ্যে পরস্পরের জন্য লাভজনক দ্বিপক্ষীয় সম্পর্ককে যারা খাটো করতে চায়, কিছু বাংলাদেশি গণমাধ্যমে ইউক্রেইন পরিস্থিতি ও রাশিয়ার কার্যক্রম নিয়ে পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি তাদের অব্যাহত চেষ্টার ফল।”
খোলা চিঠিতে ইউক্রেইনে সামরিক অভিযান চালানোর চারটি যুক্তিও দেখান রাষ্ট্রদূত মান্তেস্কি।
তিনি বলেন, ইউক্রেইনের রুশ-ভাষীদের জনগণকে গণহত্যা থেকে রক্ষা, নব্য-ফ্যাসিবাদের মূলোৎপাটন, ইউক্রেইনে পারমাণবিক অস্ত্রের তৈরি রুখে দেওয়া এবং ইউক্রেইনে ন্যাটোর সামরিক ঘাঁটি না হতে দেওয়া এর কারণ।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো রাষ্ট্রদূতও বলেন, ইউক্রেইনকে ‘নিরস্ত্রিকরণ ও নাৎসিবাদের মূলোৎপাটন’, ‘রাশিয়া সীমান্তে সামরিক হুমকি মোকাবেলা’, ‘শান্তিপূর্ণ সহাবস্থানবিরোধীদের রুখে’ দেওয়ার কাজ রাশিয়া করছে।
ইউরোপের জন্য ’সমতা ও অবিভাজ্য নিরাপত্তা নীতির’ প্রস্তাবে সমঝোতায় পৌঁছার চেষ্টা রাশিয়া গত ৩০ বছর ধরে নেতৃস্থানীয় নেটোভুক্ত দেশগুলোর সঙ্গে মিলে করে আসছে বলেও দাবি করেন ম্যান্টিটস্কি।
এর বিপরীতে রাশিয়া ‘প্রতারণা ও মিথ্যাচারের’ শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের প্রতিবাদ ও উদ্বেগের মধ্যেও উত্তর আটলান্টিক জোট তার বিস্তৃতি অব্যাহত রেখেছে।”
ইউক্রেইনে যুক্তরাষ্ট্রের সহায়তায় জীবাণু অস্ত্র তৈরির কার্যক্রম চলছে বলে পুতিন যে অভিযোগ এর আগে করেছেন, তার একটি ফিরিস্তিও খোলা চিঠিতে দেন রাষ্ট্রদূত।
