২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সায়েন্স ফিকশনে’ ঝোঁক কিশোরদের, শিশুদের আগ্রহ রূপকথায়

অমর একুশে বইমেলায় এবার বিজ্ঞান, বৈজ্ঞানিক কল্পকাহিনী (সায়েন্স ফিকশন) ও রূপকথার বই আগ্রহ জাগাচ্ছে শিশু-কিশোরদের।

রাসেল সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2022, 10:42 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

মেলার ২৫তম দিন শুক্রবার শিশুপ্রহরে ‘বিজ্ঞানের মজার প্রজেক্ট বানাও’ বইটি হাতে মেলায় বন্ধুদের সঙ্গে ঘুরছিল হাজারীবাগের গজমহল ট্যানারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাফাত হোসেন।

কথায় কথায় সে জানাল, বড় হয়ে বিজ্ঞান নিয়ে পড়ালেখা করতে চায়। গল্পের ছলে বিজ্ঞান শিখতে তার অনেক ভালো লাগে।

আরাফাত ও তার বন্ধুদের বইমেলায় নিয়ে এসেছিলেন হাজারবাগের একটি সমাজকল্যাণ সংগঠনের প্রতিনিধি শামস উদ্দিন।

তিনি বলেন, “আমরা হাজারীবাগের যুব সমাজের উদ্যোগে প্রতি বছর স্থানীয় শিশু-কিশোরদের বই কিনে দিই। এবার আমরা প্রায় ৫০ জনকে বই উপহার দিচ্ছি। একটা সময় শিশুরা ভূতের গল্প ও রূপকথার গল্প পড়তে বেশি পছন্দ করত।এখন শিশু-কিশোররা অনেক বিজ্ঞানমুখী। বিজ্ঞানভিত্তিক বই তারা বেশি পছন্দ করছে।”

Image
একুশে বইমেলায় শুক্রবার শিশুপ্রহরে একটি স্টলে বইয়ের পাতা উল্টিয়ে দেখছে এক শিশু। ছবি: আসিফ মাহমুদ অভি

একুশে বইমেলায় শুক্রবার শিশুপ্রহরে একটি স্টলে বইয়ের পাতা উল্টিয়ে দেখছে এক শিশু। ছবি: আসিফ মাহমুদ অভি

মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া রহমান কিনেছে সাধারণ জ্ঞানের বই ‘নলেজ ব্যাংক’।

সাদিয়া বললো, “বইমেলায় অনেক সুন্দর সুন্দর বিজ্ঞানের বই পাওয়া যায়। এগুলো অনেক সহজ এবং এর থেকে অনেক কিছু জানা যায়। তাই মা সব সময় বইমেলা থেকে বিজ্ঞানের বই কিনে দেন।”

‘আবিষ্কারের মজার কথা’ নামে একটি বই কিনেছে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের কাজী মো. কাইফুর রহমান।

সে বললো, “বাবা-মা সবসময় বিজ্ঞানের বই পড়তে উৎসাহ দেন। তাই মেলায় ঘুরে ঘুরে অনেকগুলো বিজ্ঞানের বই দেখলাম। ‘আবিষ্কারের মজা কথা’ বইটি আমার ভালো লেগেছে।”

মুহম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন ‘প্রজেক্ট আকাশলীন’ কিনেছে আজিমপুর গভার্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির অনুরাধা। জিজ্ঞেস করলে সে বলল, “সায়েন্স ফিকশন ও বিজ্ঞানের বই আলাদা এক জগৎ। এধরনের পড়ে অনেক রহস্য জানা যায়। আমাদের চিন্তার জগৎকেও প্রসারিত করে।”

অপরদিকে প্লে, নার্সারি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বেশি পছন্দ ছবিতে গল্প, রূপকথা ও ভূতের গল্প ও বর্ণমালার বই।

দুই মেয়ে অরলিয়া ও অরোরাকে নিয়ে মোহাম্মদপুর থেকে বইমেলায় এসেছিলেন শোভন শাহমিন দিশা। তিনি বলেন, “ছবি বেশি, কথা কম- এ ধরনের বই ওদের বেশি পছন্দ। এসব বইয়ে শিশুরা মজায় মজায় অনেক কিছু জানতে পারে।”

এবার বইমেলায় বিজ্ঞান, সায়েন্স ফিকশন ও রূপকথার গল্প সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বলে জানান প্রকাশক ও বিক্রয়কর্মীরা।

ঝিঙেফুল প্রকাশনীর পরিচালক ইমরুল কায়েস খাঁন বলেন, “বিজ্ঞান ও সায়েন্স ফিকশনের বই এবার অভাবনীয় সাড়া পেয়েছে।… শিশু-কিশোরদের এমন আগ্রহ দেখে আমরা ভাবছি, ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক বই আমরা বেশি প্রকাশের চেষ্টা করব।”

শিশু-গ্রন্থ কুটিরের বিক্রয়কর্মী জনি পাল বলেন, “বিজ্ঞানের বইয়ের চাহিদা অনেক। রূপকথার গল্পও ভালো চলছে।”

‘ময়ূরপঙ্খি’ প্রকাশনীর ব্যবস্থাপক চন্দ্রনা মণ্ডল বলেন, “যারা একটু ভালো পড়তে পারে, তারা বিজ্ঞানের বই বেশি খোঁজে। তবে আমাদের এখানে রূপকথা ও গল্পের বইও ভালো চলছে।”

শুক্রবার ছুটির দিনে শিশুগ্রহরসহ সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে বইমেলা। এদিন নতুন বই এসেছে ৩১২টি।

আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে হয় ‘নান্দনিক সমাজ গঠনে আবৃত্তির ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন নিমাই মণ্ডল। আলোচনায় অংশ নেন লায়লা আফরোজ ও শাহাদাৎ হোসেন নিপু।

প্রাবন্ধিক নিমাই মণ্ডল বলেন, “শুভবোধসম্পন্ন, যা আমাদেরকে নন্দিত করে অর্থাৎ আনন্দ দেয় তা-ই নান্দনিক। শুভ চেতনা, সুন্দর চেতনা যখন মঙ্গলময় সমাজ নির্মাণ করে, তখন সেটিই হয় নান্দনিক সমাজ।

“যে কোনো শিল্পই শুভ-সুন্দর চেতনা দিয়ে নান্দনিক সমাজ গঠনে সহায়ক। আবৃত্তি একটি শিল্প বিধায় আবৃত্তিও নান্দনিক সমাজ গঠনে ভূমিকা রাখে। আবৃত্তি মনকে পরিশুদ্ধ করে, চেতনাকে জাগ্রত করে। কবিতার বিষয় এবং পক্তিসমূহ যদি যথাযথ আবৃত্তির মাধ্যমে অর্থসহ শ্রোতার কাছে পৌঁছানো যায়, তাহলে সেটা মানুষের নান্দনিক চিন্তা বৃদ্ধিতে সহায়তা করে।”

সভাপতির বক্তব্যে জাহিদুল হক বলেন, “আবৃত্তি এমন এক নান্দনিক শিল্প যা মানুষকে মানবিক ও পরিশুদ্ধ করে তোলে। আবৃত্তিশিল্প অভিনয় শিল্পেরই অংশ। মহৎ কবিদের কবিতায় যে বাণী থাকে তা আবৃত্তিশিল্পী তার অভিনয়-দক্ষতায় মানুষের অন্তরে পৌঁছে দেয় এবং মানুষের মধ্যে মানবপ্রেম, প্রকৃতিপ্রেম ও দেশপ্রেমকে জাগ্রত করে। তখনই সমাজ নান্দনিককতাপূর্ণ হয়ে ওঠে।”

‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন ড. মাসুদুজ্জামান ও মো. আলমগীর। কবিতা পাঠ করেন কবি নাহার আহমেদ এবং রাসেল আশেকী।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল রাজেশ দাসের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘উঠোন’, সুকান্ত গুপ্তের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি সিলেট’ এবং মো. হায়দার আলীর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘কৃষ্টিবন্ধন’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী আলী হোসাইন ও মো. রফিকুল ইসলাম।

শনিবারের অনুষ্ঠান

১২ মার্চ শনিবার অমর একুশে বইমেলার ২৬তম দিন। মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত শিশুপ্রহর।

বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে একুশের গল্প ও উপন্যাস শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন রফিকুর রশীদ। আলোচনায় অংশ নেবেন পাপড়ি রহমান ও স্বকৃত নোমান। সভাপতিত্ব করবেন ইমদাদুল হক মিলন। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।