২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে দুই পা হারানো নারী বাঁচল না

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দুই পা হারানো নারীকে বাঁচানো গেল না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2022, 10:20 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

রোববার রাত সোয়া ৮টার দিকে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৪০ বছর বয়সের ওই নারী।

ঢাকা রেলওয়ে থানার ওসি মাজহারুল হক বলেন, “ওই নারীর নাম আলো রিবেরু, বয়স ৪০। বাসা মনিপুরী পাড়ায়।

“আলোর ভাই অঞ্জন রিবেরু হাসপাতালে এসে নিহতের পরিচয় শনাক্ত করেন।”

আলো রিবেরুর গ্রামের বাড়ি পাবনার আটঘরিয়ার একদন্ত গ্রামে। এক কন্যা সন্তানের জননী আলো ঢাকায় মনিপুরী পাড়ায় থাকতেন।

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে দুই পা হারালেন তরুণী  

রোববার দুপুরে বাসা থেকে কয়েক কিলোমিটার দূরে খিলগাঁও ট্রেনের নিচে কাটা পড়ে দুই পা হারান আলো।

তখন শাহজাহানপুর থানার এসআই মেহেদী হাসান জানান, ৯৯৯ এ ফোন পেয়ে খিলগাঁও রেলগেইট এলাকায় ওই তরুণীকে দুটি পা বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করা হয়।

“দুর্ঘটনায় হাঁটুর নিচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

ওই তরুণী ‘মানসিক ভারসম্যহীন’ অবস্থায় ওই এলাকায় ঘোরাফেরা করতেন বলে স্থানীয়দের বরাতে জানিয়েছিলেন শাহজাহানপুর থানার ওসি মনির হোসেন মোল্লা।

তবে রেলওয়ে থানার ওসি মাজহারুল হক বলেন, “প্রথমে বয়স বুঝতে সমস্যা হয়েছিল। আর মানসিক ভারসাম্যহীন ছিল কি না বা বাসা থেকে এতদূর কেন আসলেন তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।”