বসুন্ধরা আবাসিকে শিশু নির্যাতন: এজাস-নাজিমা দম্পতি রিমান্ডে
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১২ বছরের এক গৃহকর্মীকে নির্যাতন করে খালি বাসায় একটি ‘বাথরুমে’ আটকে রাখার ঘটনায় গ্রেপ্তার দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
রোববার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা নারী ও শিশু নির্যাতনের মামলায় গৃহকর্তা এজাস সাকলাইন ও তার স্ত্রী তানজিমা হাসেমকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
ভাটার থানার উপ পরিদর্শক মোহাম্মদ আলী সৈকত এ আদালতে হাজির করে তাদের সাত দিনের রিমান্ডের চেয়েছিলেন বলে জানান আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রাফাত আরা সুলতানা।
রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে ওই শিশুকে উদ্ধারের পর পুলিশ জানতে পারে তুচ্ছ সব কারণে তাকে নির্যাতন করা হতো। ঘুম থেকে দেরি করে উঠলে, কাজ না পারলে, পাশের বাসার বিড়াল শব্দ করলেও গৃহকর্ত্রীর ছেলের অভিযোগে তাকে মারধর করা হতো।
পুলিশ জানায়, ময়মনসিংহের রহমতপুরে নানি হালিমার কাছে থেকে বড় হচ্ছিল শিশুটি। দুই মাস আগে কমলা নামে এক নারী তাকে ঢাকার বাসায় সাড়ে তিন হাজার টাকা বেতনে কাজে দিয়ে যায়।
গত শনিবার বেলা সাড়ে ৩টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে বসুন্ধরার বি ব্লকের, ৪ নম্বর রোডের ১৯৩ নম্বর বাসা থেকে ‘শরীরজুড়ে নতুন-পুরাতন ক্ষত’ চিহ্নসহ শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানান ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) হাসান মাসুদ।
এ ঘটনায় মাসুদ ভাটারা থানায় মামলা দায়ের করেন। এজাজ সাকলাইন ও তানজিমা হাসেম দম্পত্তিকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এসআই মাসুদ বলেন, “বাসার দরজায় বাইরে থেকে তালা দেওয়া ছিল। দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে তালা খুলে নির্যাতনের শিকার শিশুটিকে বাথরুমের ভেতর আটকানো অবস্থায় পাওয়া যায়।
“শিশুটির সমস্ত শরীরে নতুন-পুরাতন ক্ষতের চিহ্ন রয়েছে। উদ্ধারের পর তাকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়।”
আটক থাকা অবস্থায় শিশুটি তিন দিন বাথরুমের পানি খেয়ে ছিল উদ্ধারের পর পুলিশকে জানিয়েছে।
