২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় ‘ভেজাল মদের কারখানা', গ্রেপ্তার ৩

রাজধানীর রামপুরার এক বাসায় এক কারখানার সন্ধান মিলেছে, যেখানে ভেজাল মদ বোতলে ভরে বিদেশি ব্র্যান্ডের লেবেল লাগানো হত বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভাষ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2022, 02:33 PM

Updated : 25 Oct 2022, 10:17 AM

ওই বাসা থেকে মদ তৈরির উপকরণসহ তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন অধিদপ্তরের ঢাকা মহানগর উত্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান।

শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রামপুরার রিয়াজবাগের ওই বাসায় অভিযান চালায় তাদের একটি দল। সেখানে ‘ভেজাল মদ তৈরির মিনি কারখানা' দেখতে পান তারা।

গ্রেপ্তার তিনজন হলেন- 'কারখানা মালিক' কাজী আশরাফুজ্জামান ওরফে মোশারফ (৩৫) এবং তার দুই ‘সহযোগী' মো. আবুল খায়ের চৌধুরী (৬৯) ও ভূইয়া (৩৬)।

বিদেশি ব্যাণ্ডের ২৩টি বোতলে ‘নকল’ মদ, মদ তৈরির উপকরণ, এসেন্স, চারকোল পাউডার এবং বিদেশি মদের লেবেল জব্দ করা হয়েছে তাদের কাছ থেকে।

রাশেদুজ্জামান বলেন, “এই চক্রটি বাজারে নকল মদ সরবরাহ করে মানুষকে মৃত্যু ঝুঁকিতে ফেলছে।”

গত বছরের শেষ দিনেও রাজধানীতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মদ জব্দ করা হয় বলে জানানো হয় ব্রিফিংয়ে।

বৃহস্পতিবার রাজধানীতে ২০০ গ্রাম আইস ও এক হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে অধিদপ্তর।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মো. রাশেদুজ্জামান।