২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুবাহর মামলায় ইলিয়াসকে আত্মসমর্পণ করতে হবে ২২ মার্চ

যৌতুক চেয়ে নির্যাতনের অভিযোগে অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবহার করা মামলায় তার গায়ক স্বামী ইলিয়াস হোসাইনের আত্মসমর্পণের তারিখ পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 03:12 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত বুধবার ইলিয়াসের আত্মসমর্পণ এবং তার জামিনের বিষয়ে শুনানির জন আগামী ২২ মার্চ তারিখ রেখেছেন।

সুবাহ গত ৩ জানুয়ারি বনানী থানায় মামলা করার পর হাই কোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন ইলিয়াস। সেই জামিনের মেয়াদ শেষে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল তার।

কিন্তু গত ২২ ফেব্রুয়ারি তার আইনজীবী আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক ইলিয়াসের উপস্থিতিতে শুনানির জন্য ২ মার্চ দিন রাখে।

কিন্তু আসামি পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারের কনিষ্ঠ আইনজীবী মইনুল হোসেন বুধবার আদালতে বলেন, ইলিয়াস পিঠের ব্যথায় অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেননি। শুনানির জন্য তাদের সময়ের প্রয়োজন।

পরে বিচারক ‘শেষবারের মত’ সময় মঞ্জুর করে শুনানির জন্য নতুন তারিখ ঠিক করে দেন।

সুবহার করা মামলার এজাহারে বলা হয়েছে, গত ১ ডিসেম্বর বিয়ের সময় তার পরিবারের পক্ষ থেকে ইলিয়াসকে ১২ লাখ টাকার রোলেক্স ঘড়িসহ ১৫ লাখ ৭৫ হাজার টাকার পণ্য দেওয়া হয়। কিন্তু সুবহার কাছে ফ্ল্যাট কেনার জন্য ৫০ লাখ এবং গাড়ির জন্য আরও ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন ইলিয়াস।

তিনি গত ৯ ডিসেম্বর ইউটিউব চ্যানেল কেনার জন্য সুবহার মায়ের কাছে আরও ১০ লাখ টাকা যৌতুক দাবি করলে সুবহার পরিবার তাকে আড়াই লাখ টাকা দেয় বলে এজাহারে দাবি করা হয়েছে।

সেখানে বলা হয়, ফ্ল্যাট ও গাড়ি কেনার জন্য ৮০ লাখ টাকার দাবিতে ইলিয়াস চাপ দিলে ২৭ ডিসেম্বর সুবাহর সঙ্গে তার ঝগড়া হয়। এর জেরে সেই রাতে সুবহাকে ‘শারীরিক নির্যাতন’ করেন ইলিয়াস।

পরদিন আবারও তিনি ৮০ লাখ টাকা দাবি করেন এবং তাতে অস্বীকৃতি জানালে সুবহাকে ‘কিল-ঘুষি-লাথি মেরে এবং চুলের মুঠি ধরে মাথা দেয়ালে ঠুকে জখম’ করেন, পরে ব্যথার ওষুধ বলে সুবহাকে ঘুমের ওষুধ খাওয়ান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

সেই ওষুধ খেয়ে সুবহা চেতনা হারালে ইলিয়াস আলমারিতে থাকা ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার এবং ৫০ হাজার টাকা ‘নিয়ে যান’ এবং অবস্থার অবনতি হলে সুবাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে উল্লেখ করা হয়েছে এজাহারে।

আরও পড়ুন

গায়ক ইলিয়াসের বিরুদ্ধে স্ত্রীর মামলার প্রতিবেদন দাখিল ফের পেছাল  

ইলিয়াসের বিরুদ্ধে সুবহার মামলার তদন্ত প্রতিবেদন পেছাল  

শুটিংয়ের জন্য সুবাহ-ইলিয়াসের ‘বিয়ে’