২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৬৩ কোটি টাকা পাচার: অ্যাপল গ্লোবালটেলের এমডির বিরুদ্ধে মামলা

সেবা রপ্তানির ৪৬৩ কোটি টাকা দেশে না আনায় অর্থপাচারের অভিযোগে আন্তর্জাতিক ইনকামিং কল সেবাদাতা কোম্পানি অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খানের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2022, 09:32 PM

Updated : 28 Apr 2022, 11:43 PM

বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে মামলাটি করেন।

সংস্থার উপ পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলা হওয়ার কথা জানিয়েছেন।

আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) নিবন্ধিত কোম্পানি অ্যাপল গ্লোবালটেলের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে এহাজারে বলা হয়, আইজিডব্লিউ অপারেটরটি ২০১২ সালের ১৪ অগাস্ট থেকে ২০১৫ সালের ২৩ জুন পর্যন্ত সময়ে ৩০১ কোটি ২২ লাখ ৭৭ হাজার ১১৩ মিনিট কল সেবা রপ্তানি করে, যার মাধ্যমে ছয় কোটি ৪২ লাখ ৩৬ হাজার ৬৬৫ মার্কিন ডলার পরিমাণ অর্থ বাংলাদেশে ‘ফরেন রেমিটেন্স’ হিসেবে আনার বাধ্যবাধকতা রয়েছে।

কিন্তু কোম্পানিটি মাত্র ৪০ লাখ ৫৮ হাজার ১৪৩ মার্কিন ডলার পরিমাণ অর্থ দেশে আনলেও বাকি ছয় কোটি এক লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা) আনেনি বা ‘প্রত্যাবাসিত’ হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অর্থ পাচার প্রতিরোধ আইন- ২০১২ এর ২(ক) (২) ধারা অনুসারে ওই অর্থ পাচার সংক্রান্ত অপরাধ সংঘটিত হয়েছে উল্লেখ করা হয় এজাহারে।

এছাড়া মামলায় অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স আন্তর্জাতিক ইনকামিং কলের অর্থ থেকে সরকারের প্রাপ্য রাজস্ব পরিশোধ করেনি বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

বিটিআরসির অনুমোদন অনুযায়ী, ইনকামিং কলের ক্ষেত্রে সরকারের সঙ্গে রাজস্ব ভাগাভাগির শর্ত রয়েছে।