রামপুরায় বাসে আগুন: আরো চারজন গ্রেপ্তার
ঢাকার রামপুরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যুর পর যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার সকালে র্যাবের এক বার্তায় বলা হয়, ওই ঘটনার ‘অন্যতম হোতা’ মনির হোসেন ও তার তিন সহযোগীকে রাজধানীর রামপুরা ও কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে তাদের কখন কীভাবে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি র্যাবের বার্তায়।
এর আগে স্বপন রেজা (২৫) এবং শহীদ ব্যাপারী (২২) নামে দুইজনকে ওই ঘটনায় গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার স্বপন একটি ব্যক্তিগত গাড়ির (প্রাইভেটকার) চালক এবং শহিদ সবজি ব্যবসায়ী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে এবং বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার নিয়ম চালুর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ২৯ নভেম্বর রাতে রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় মারা যায় একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মো. মাঈনুদ্দিন।
ওই দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ওই বাসসহ আটটি যানবাহনে আগুন দেয় এবং ভাঙচুর করে আরও চারটি বাস।পরে ৮০০ জনকে আসামি করে রামপুরা ও হাতিঝিল থানায় দুটি মামলা করে পুলিশ। দুই মামলাতেই ভাঙচুর-অগ্নিসংযোগের জন্য ‘উচ্ছৃঙ্খল ছাত্র-জনতাকে’ দায়ী করা হয়।
