২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: শাহানশাহ কারাগারে

বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মেরে বহিষ্কার হওয়া দেওয়ানগঞ্জের মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একজন মহানগর হাকিম।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2021, 08:35 PM

Updated : 02 Aug 2022, 06:44 PM

শুক্রবার বিকালে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর উত্তরা-পূর্ব থানায় দায়ের করা মামলায় জামালপুরের দেওয়ানগঞ্জের এই মেয়রকে শুক্রবার আদালতে আনা হয় বলে জানান আদালতে সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এস আই মো. লিয়াকত আলী।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা- পূর্ব থানার পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম আসামি শাহানশাহকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ান থেকে শাহানশাহকে গ্রেপ্তার করে র‌্যাব।

এসময় তার কাছ থেকে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইন এবং সাড়ে তিন লাখ টাকা জব্দ করে র‌্যাব। পরে র‌্যাব-১ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে সরকারি অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহ। তুচ্ছ ঘটনার জের ধরে তাকে অনুষ্ঠানস্থলে থাপ্পড় মারেন মেয়র শাহানশাহ।

এরপর গত ১৯ ডিসেম্বর তাকে উপজেলা আওয়ামী লীগ এবং পরদিন মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুন

শাহানশাহর হোটেল কক্ষে ‘মাদক পেয়েছে’ র‌্যাব

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: দেওয়ানগঞ্জের শাহানশাহ রাজধানীতে গ্রেপ্তার  

শিক্ষা কর্মকর্তাকে দেওয়ানগঞ্জ মেয়রের থাপ্পড় মারার অভিযোগ  

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: সেই মেয়র আওয়ামী লীগ থেকে বহিষ্কার  

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারা সেই পৌর মেয়র বরখাস্ত