২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: দেওয়ানগঞ্জের শাহানশাহ রাজধানীতে গ্রেপ্তার

বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনায় বরখাস্ত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে ঢাকার একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2021, 09:38 AM

Updated : 10 Oct 2022, 06:29 PM

বৃহস্পতিবার সকালে উত্তরা-৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান।

থাপ্পড় মারার ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ দেওয়ানগঞ্জ থানায় যে মামলা করেছিলেন, সেই মামলাতেই শাহানশাহকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে জামালপুরে পাঠানো হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন মেয়র শাহানশাহ। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসনের বিভিন্ন বিভাগ ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ।

ওই অনুষ্ঠানে পৌরসভার নাম ঘোষণায় ‘দেরি হওয়ায়’ মেয়র গালাগাল করেন এবং থাপ্পড় মারেন বলে সেদিন অভিযোগ করেন শিক্ষা কর্মকর্তা। পরে তিনি পৌর মেয়রের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন।

ওই খবর সংবাদমাধ্যমে এলে ব্যাপক সমালোচনা শুরু হয়। মেয়রের শাস্তির দাবিতে মানববন্ধন করেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে মেয়র শাহানশাহ সে সময় বলেছিলেন, শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ ‘রহস্যজনক কারণে’ পৌরসভার নাম ৫ নম্বরের বদলে ৮ নম্বর ক্রমে ঘোষণা করেন।

“এ নিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা কাটাকাটি হয়েছে; থাপ্পড় মারার অভিযোগ কাল্পনিক ও মনগড়া।”

মেয়রের বিরুদ্ধে দায়ের করা মামলা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে পাল্টা মানববন্ধন করে দেওয়ানগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী পরিষদ।

শিক্ষা কর্মকর্তাকে দেওয়ানগঞ্জ মেয়রের থাপ্পড় মারার অভিযোগ

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: সেই মেয়র আওয়ামী লীগ থেকে বহিষ্কার  

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারা সেই পৌর মেয়র বরখাস্ত

এ নিয়ে আলোচনার মধ্যেই ১৯ ডিসেম্বর ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে’ শাহনেওয়াজকে শাহানশাহকে দল থেকে বহিষ্কার করার কথা জানায় জেলা আওয়ামী লীগ।

তার দুদিন পর স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়রের পদ থেকে শাহানশাহকে সাময়িক বরখাস্ত করে।

সেই প্রজ্ঞাপনে বলা হয়, “যেহেতু মো. শাহনেওয়াজ শাহানশাহর আচরণ শিষ্টাচার বহির্ভূত ও অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের শামিল, যা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচিন নয় এবং জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে, এ কারণে তাকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হল।”

শাহনেওয়াজ শাহানশাহ প্রথমবার দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র হক ২০১৬ সালে। চলতি বছর মার্চের নির্বাচনে আওয়ামী লীগ তার বদলে মনোনয়ন দেয় ফারীন হোসেনকে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শাহানশাহ স্বতন্ত্র প্রার্থী হলে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

কিন্তু ঋণ খেলাপির কারণে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করে শাহানশাহকেই নির্বাচনে সমর্থন দেয় আওয়ামী লীগ। নারিকেল গাছ মার্কা নিয়ে নির্বাচন করে টানা দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হন শাহানশাহ।

সে সময় এক ফেইসবুক পোস্টে তিনি লিখেছিলেন: “What is lotted cannot be blotted. (কপালের লিখন না যায় খণ্ডন)”