২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এলোমেলো ফ্লাইটসূচি, প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

রানওয়ে সংস্কারের কারণে প্রতিদিন আট ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ, ফলে বাকি ১৬ ঘণ্টায় পড়ছে অতিরিক্ত চাপ, আর তাতে শাহজালাল বিমানবন্দরে অপব্যস্থাপনা উঠেছে চরমে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2021, 09:53 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

পুরনো খবর:

৬ মাস দিনে ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দর
শাহজালালে হ-য-ব-র-ল, ক্ষমা চাইলেন বিমান প্রতিমন্ত্রী

এই পরিস্থিতিতে বুধবার বিমানবন্দর পরিদর্শন করে দায়িত্বরত কর্মীদের কোনো ধরনের গাফিলতি পেলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বেসরমারিক বিমান প্রতিমন্ত্রী মাহাবুব আলী।

এ মাসের শুরুতেই দেশের প্রধান বিমানবন্দরটিতে রানওয়ে সংস্কারের কাজে হাত দেয় কর্তৃপক্ষ। আর সে কারণে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত উড়োজাহাজ ‍ওঠানামা বন্ধ থাকছে। আর তা চলবে আগামী বছরের ৩১ মে পর্যন্ত।

গত ১০ ডিসেম্বর সংস্কার কাজ শুরুর পর থেকে প্রতিদিনই বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচি এলোমেলো হয়ে পড়ছে।

বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন, অল্প সময়ে বেশি যাত্রীর চাপ সামলাতে হচ্ছে নিরাপত্তা ও সেবা সংস্থাগুলোকে। এর সঙ্গে যুক্ত হয়েছে আমিরাতগামী যাত্রীদের কোভিড টেস্ট। সব মিলিয়ে বিমানবন্দরে সেবায় বিঘ্ন ঘটছে।

গত মঙ্গলবার থেকে প্রায় সবগুলো আন্তর্জাতিক ফ্লাইট ছাড়তে দেরির তথ্য পাওয়া যায় এভিয়েশন বিষয়ক অ্যাপ ফ্লাইট রাডারে।

মঙ্গলবার রাত পৌনে ১০টা থেকে বুধবার পৌনে ৭টা পর্যন্ত ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট দেরিতে উড়েছে।

এর মধ্যে ২১ ডিসেম্বর রাত ৯টা ৫০ মিনিটের শারজাহগামী এয়ার এরাবিয়ার ফ্লাইটটি রাত ৯টা ৫০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়েছে রাত ১০টা ৩৫ মিনিটে। ইস্তাম্বুলগামী টার্কিশ এয়ারের ফ্লাইটটির রাত ১০টা ৫৫ মিনিটে ছাড়ার কথা ছিল, তা ছেড়েছে ১১টা ৫৭ মিনিটে।

কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট ১১টায় ছাড়ার কথা থাকলেও তা ছেড়েছে সাড়ে ১২টায়; যদিও ঘোষণা অনুযায়ী রাত ১২টা থেকে রানওয়ে বন্ধ থাকার কথা।  সকালেও দেরির এই ধারা চলছিল।

এর মধ্যে বুধবার দুপুরে প্রতিমন্ত্রী মাহাবুব আলী বিমানবন্দরে যান। তিনি দুপুর সাড়ে ১২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত ব্যাগেজ এরিয়া, কাস্টমস ও ইমিগ্রেশন এরিয়া, কোভিডের আরটিপিসিআর পরীক্ষার জন্য নির্ধারিত এলাকাসহ বিমানবন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরতদের কড়াভাবে হুঁশিয়ার করেছেন প্রতিমন্ত্রী।

“যারাই দায়িত্বে অবহেলা করবে, তাদের তালিকা তৈরি করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।”

যাত্রীদের ট্রলির বিষয়ে জানানোর জন্য প্রতিমন্ত্রী ব্যাগেজ এরিয়ার প্রত্যেকটি বেল্টে একজন করে ট্রলিম্যানকে দায়িত্বে রাখার জন্য বিমানবন্দরের নির্বাহী পরিচালককে নির্দেশনা দেন।

কাস্টমস ও ইমিগ্রেশনে কর্মরতদের দ্রুত সেবা প্রদান করার নির্দেশনা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনোভাবেই সেবা ব্যাহত করা যাবে না বা কাজ বন্ধ রাখা যাবে না।

কাস্টমস চেকিং এ সময় বেশি লাগায় ফ্লাইট বিলম্বিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ট্রানজিট যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে কাস্টমস চেকিং সম্পন্ন করতে হবে। প্রয়োজনে তাদের জন্য আলাদা ডেস্ক এবং কিউ (সারি) এর ব্যবস্থা করতে হবে।

এ সময়ে কাস্টমসের জনবল সঙ্কটের কথা বলা হলে প্রতিমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

চেকইন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা যথাসময়ে দায়িত্ব পালন করেন কি না, সে বিষয়ে এয়ারলাইন্সগুলো থেকে নিয়মিত তথ্য নেওয়া হবে বলে জানান তিনি।

“যদি কেউ ইচ্ছাকৃতভাবে দেরি করে বা দায়িত্বে অবহেলা করে, তবে তার বিরুদ্ধে চরম ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দিষ্ট সময়ে কাউন্টারে না আসলে চাকরি থাকবে না। যাত্রী সেবার সাথে কোন আপস নয়। এক্ষেত্রে কোনো ধরনের অজুহাত গ্রহণ করা হবে না।”

বিমানবন্দরের গাড়ি পার্কিংয়ের নিচ তলায় স্থাপিত আরটিপিসিআর ল্যাব ঘুরে প্রতিমন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে আরেকটি কিয়স্ক বসানোর নির্দেশ দেন।

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) আবু সালেহ মাহমুদ মান্নাফি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এ এইচ এম তৌহিদুল আহসান।