শাহজালালে হ-য-ব-র-ল, ক্ষমা চাইলেন বিমান প্রতিমন্ত্রী
স্ত্রী ও সন্তানসহ রোববার বিকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন রায়হান ইসলাম। সপরিবারে জার্মানি যাচ্ছেন, তাই সঙ্গে লাগেজ ছিল বেশি, ছয়টি। কিন্তু অনেক খুঁজে একটি মাত্র ট্রলি পেলেন তিনি, তাতে তিনটি লাগেজ ওঠানো গেল।
বাকি তিনটি কী করে ভেতর নেবেন, তা ভেবে রায়হান যখন খাবি খাচ্ছিলেন, তখন তার সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। জানালেন দেশের প্রধান বিমানবন্দরে অব্যস্থাপনা নিয়ে নিজের অসন্তোষ।
বিমানবন্দরের দোতলায় আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে রায়হান একটি ট্রলি পেলেও তাও পাননি সঙ্গীতা দে, তিনি যাবেন ইতালি। সঙ্গীতা বললেন, ভেতরে খালি ট্রলি ছিল। তা আনতে গিয়েছিলেন তিনিসহ আরও কয়েকজন। কিন্তু ট্রলি না দিয়ে বের করে দেয় এয়ারপোর্টের ‘লোকজন’।
সঙ্গীতার বাবা সুরঞ্জন দে ভেবেছিলেন, হয়ত ট্রলি আনতে টাকা দিতে হয়। তিনি টাকাও সেধেছিলেন, তবুও পাওয়া যায়নি।
সপরিবারে জার্মানি যাচ্ছিলেন রায়হান ইসলাম, রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর মাত্র একটি ট্রলি খুঁজে পেয়েছিলেন তিনি। ছয়টি লাগেজের মধ্যে তিনটি লাগেজ ট্রলিতে নিতে পারলেও বাকিগুলো হাতেই নিতে হয়েছিল তাকে। ছবি: আসিফ মাহমুদ অভি
শাহজালাল বিমানবন্দরে এমন বিশৃঙ্খলা এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।
ব্যাগ নিয়ে গলদঘর্ম হওয়ার পর দুইবার নিরাপত্তা তল্লাশি পেরিয়ে বিমানবন্দরে ঢুকতে হয় দীর্ঘ লাইন দিয়ে। প্রথম ফটক পেরিয়ে ভেতরে ঢোকার পর টিকা ও কোভিড নেগেটিভ সনদের উপর স্বাস্থ্য কর্মকর্তার সত্যায়ন নিতে হবে। সেখানেও লাইন।
এরপর এয়ারলাইন্সের কাউন্টারগুলো থেকে বোর্ডিং পাস নেওয়ার পালা। সেখানেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকক্ষণ। ইমিগ্রেশন পুলিশের কাউন্টারগুলোতেও দীর্ঘ সারি।
এতে বিমানবন্দরে একেক যাত্রীর তিন থেকে চার ঘণ্টা সময় লেগে যাচ্ছে বলে বিমানযাত্রীদের ভাষ্য।
আর সংযুক্ত আরব আমিরাতসহ যেসব দেশে যাওয়ার জন্য যাত্রার আগে কোভিড পরীক্ষা করতে হয়, সেসব দেশের যাত্রীদের ভোগান্তি আরও একদফা বেশি। সময়মতো কোভিড পরীক্ষার প্রতিবেদন না পাওয়ায় গত তিন দিনে প্রায় দেড়শ যাত্রী ফ্লাইট ধরতে পারেননি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার ইতালিগামী সঙ্গীতা দে এবং তার স্বজনরা দীর্ঘ সময় খুঁজেও একটি ট্রলি জোগাড় করতে না পারায় মালপত্র নিয়ে টার্মিনালের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। ছবি: আসিফ মাহমুদ অভি
হাইস্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য গত বৃহস্পতিবার থেকে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকছে শাহজালালের রানওয়ে।
এর মধ্যে আবার বিজয় দিবসের প্রদর্শনীর মহড়ার জন্য শাহজাললের রানওয়ে ব্যবহার করা হচ্ছে। যে কারণে ১১ ডিসেম্বর সকাল সোয়া ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আরও সোয়া দুই ঘণ্টা করে বিমানবন্দরে বেসামরিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকছে বলে বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন।
ফলে দিনের ১৪ ঘণ্টা সময়ের মধ্যে সব যাত্রীদের সামাল দিতে রীতিমতো গলদঘর্ম বিমানবন্দরের কর্মীরা। আর ভোগান্তিতে পড়া যাত্রীদের অভিযোগেরও শেষ নেই।
এই পরিস্থিতিতে রোববার বিকালে বিমানবন্দরে যাত্রী ব্যবস্থাপনা পরিদর্শনে গিয়েছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহাবুব আলী।
সেখানে সংবাদ সম্মেলন করেন তিনি। আর তার শুরুতেই নিজেদের সীমাবদ্ধতা ও ব্যবস্থাপনার ব্যর্থতা স্বীকার করে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি।
“করোনা সংক্রমণের সময়ে যাত্রী হয়রানি অটোমেটিক হচ্ছে। শুধু আমাদের না, সব দেশেই এরকম হচ্ছে। আমাদের আন্তরিকতার কিছু অভাব ছিল, অস্বীকার করি না। আমাদের ব্যর্থতা আছে এখানে। যাত্রী যারা হয়রানির শিকার হয়েছে, তাদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী।”
এসময় তার সঙ্গে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্রনাথ সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অপারেশন্স) এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, সদস্য (নিরাপত্তা) গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফী, শাহজালালের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ টি এম তৌহিদুল আহসান।
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহাবুব আলী।
কী সমাধান দিলেন প্রতিমন্ত্রী
আমিরাতসহ যেসব দেশের যাত্রীদের বিমানবন্দরে কোভিড পরীক্ষা করাতে হবে তাদের যাত্রার নির্ধারিত সময়ের অন্তত আট ঘণ্টা আগে বিমানবন্দরে আসার অনুরোধ জানান প্রতিমন্ত্রী মাহবুব আলী।
কোভিড পরীক্ষার সনদ না পেয়ে ১৩০ যাত্রী উড়োজাহাজ ধরতে পারেননি বলে শুনে তিনি বিমানবন্দরের কার পার্কিং ভবনের নিচতলায় স্থাপিত কোভিড নমুনা পরীক্ষাগারগুলোকে সময়মতো রিপোর্ট দিতে বলেছেন।
প্রতিমন্ত্রী বলেন, “অধিক সংখ্যক বুথে যেন যাত্রীদের নমুনা দিতে পারে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও পরশুদিন শুনেছি রিপোর্ট না পেয়ে ১৩০ জন উড়োজাহাজ ধরতে পারেননি। আরটিপিসিআর পরীক্ষা যাদের করতে হয়, তাদের ছয় ঘণ্টা সময় লাগে বলে ধরা হয়। কিন্তু ছয় ঘণ্টায় সেটা হয় না।”
কেন হয় না- তার কারণ তুলে ধরে তিনি বলেন, “বিমানবন্দরে এসেই তারা (প্রবাসী কর্মী) প্রথমে হেলথ ডেস্কে যান, সেখান থেকে প্রবাসী কল্যাণ ডেস্কে। কারণ প্রবাসী শ্রমিকদের আরটিপিসিআর পরীক্ষার টাকা দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এখানে তাদের দুই ঘণ্টা সময় চলে যায়। এরপর বাকি চার ঘণ্টায় আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এ কারণে যাদের এ পরীক্ষা করা প্রয়োজন তাদের আট ঘণ্টা আগে বিমান বন্দরে আসার অনুরোধ করছি।”
“বিমানবন্দরে কোভিড পরীক্ষা করে ফল পেতে দেরি হচ্ছে। দেরির কারণে শত শত যাত্রী একসঙ্গে চেক ইন, পরীক্ষা, ইমিগ্রেশন, বোর্ডিং ব্রিজে জড়ো হয়। ফলে ফ্লাইট শিডিউলেও দেরি হয়। এই হয়রানিগুলো গত কয়েকদিনে হয়েছে” বলেন তিনি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ এর সামনে রোববার সন্ধ্যায় বিদেশ থেকে আসা যাত্রীদের অপেক্ষায় স্বজনরা। ছবি: আসিফ মাহমুদ অভি
আট ঘণ্টা করে রানওয়ে বন্ধের সিদ্ধান্ত জানানোর পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছিল, এতে ফ্লাইট অপারেশনে কোনো সমস্যা হবে না।
তবে এয়ারলাইন্সের কর্মকর্তারা বলছেন, সব ‘লেজে গোবরে’ অবস্থা। সিভিল এভিয়েশনের কাছে তারা ফ্লাইট কমানোর প্রস্তাবও দিয়েছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, “একটা প্রস্তাব আসছিল এয়ারলাইন্সের পক্ষ থেকে যে ফ্রিকোয়েন্সি কমিয়ে দেওয়া যায় কি না? তবে প্রবাসী শ্রমিকদের কাজে ফেরার বিষয়টাও রয়েছে। তারা যেতে না পারলে তো সমস্যা। কোভিড পরিস্থিতি কোন দিকে যায়, তার কোনো ঠিক নেই। তাই আমরা নিশ্চিত করতে চাই প্রবাসী শ্রমিকেরা যেন যথাসময়ে কাজে যোগ দিতে পারেন।”
সঙ্কট কাটাতে শনিবার বেবিচক চেয়ারম্যানসহ বিমানবন্দরের সব অংশীজনকে নিয়ে সভা করেছেন মাহবুব। কীভাবে এই অবস্থা সামাল দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করেছেন।
সভায় কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। যার মধ্যে রয়েছে- সব ইমিগ্রেশন কাউন্টার সার্বক্ষণিক সচল রাখা, বিমানবন্দরের (উড়োজাহাজ) ট্রাফিক ব্যবস্থাপনায় আরও গ্রাউন্ড কন্ট্রোলার নিয়োগ দেওয়া হয়েছে, পার্কিং বের ব্যবস্থাপনা আরও উন্নত করার ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে উড়োজাহাজগুলোর মালামাল খালাসে বাড়তি সময় না লাগে।
যাত্রীরা যাতে সহজে ইমিগ্রেশন পার হতে পারে, সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মাহবুব আলী বলেন, “আমি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। ইমিগ্রেশনের প্রত্যেকটা ডেস্কে যেন সার্বক্ষণিক কর্মকর্তারা থাকেন, সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে আরও কর্মকর্তা পোস্টিং দেওয়া হবে।”
ট্রলি না পেয়ে রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাঁধে মালামাল নিয়ে যাচ্ছিলেন এক বিদেশগামী যাত্রী। ছবি: আসিফ মাহমুদ অভি
কেনা হচ্ছে ট্রলি
বিমানবন্দরে ট্রলি না পাওয়ার অভিযোগ সবচেয়ে বেশি। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “এখন সচল ট্রলি ১ হাজার ৪০০টি। ৫০০টি ৪-৫ দিনের মধ্যেই যুক্ত হবে। আরও আড়াই হাজার ট্রলি ফেব্রুয়ারির মধ্যেই কেনা হবে।”
এখন ট্রলি ব্যবস্থাপনায় ৩২ জন কাজ করছেন জানিয়ে তিনি বলেন, “১ সপ্তাহের মধ্যে আরও ৫০ জন নিয়োগ দিচ্ছে। তারা ইউনিফর্ম পরে থাকবেন। এরপর যাত্রী হয়রানি হলে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্ত্রীর দাবি আরটিপিসিআর পরীক্ষার জন্য দীর্ঘ সময় ট্রলিগুলো আটকে থাকায় এ সঙ্কট আরও বেড়েছে।
‘ফ্লাইট বেড়েছে, ক্যাপাসিটি বাড়েনি’
প্রতিমন্ত্রী দাবি করেন, কোভিড পরিস্থিতির কারণে উড়োজাহাজ চলাচল মাঝে বন্ধ থাকলেও এখন ফ্লাইটের সংখ্যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।
তার দাবি, এখন প্রতিদিন গড়ে দেড়শ অভ্যন্তরীণ ফ্লাইট ও একশ আন্তর্জাতিক ফ্লাইট শাহজালালে ওঠানামা করছে, যা কোভিড পরিস্থিতির আগের সময়ের চেয়ে বেশি।
“গত তিন দিন বিমানবন্দরে যথাক্রমে ২১ হাজার, ১৯ হাজার ও ১৮ হাজার করে আন্তর্জাতিক যাত্রী সামাল দিয়েছে। কিন্তু লোকবল বাড়েনি।”
