ফজলে হাসান আবেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সোমবার
বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সোমবার।
২০১৯ সালের ২০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
ফজলে হাসান আবেদ ৩৬ বছর বয়সে, ১৯৭২ সালে সিলেট জেলায় একটি ক্ষুদ্র ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প হিসেবে ব্র্যাক প্রতিষ্ঠা করেন; যেটি পরে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে যায়।
গত ৪৭ বছরে ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা, বিশ্ববিদ্যালয়, ব্যাংক এবং সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নের লক্ষ্যে নানা ধরনের বিনিয়োগ সমন্বয়ে ব্র্যাক এখন বিশ্বের বুকে একটি অনন্য প্রতিষ্ঠান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
প্রতিষ্ঠানটি এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের ১০ কোটিরও বেশি মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।
রাজধানীর ব্রাক সেন্টারে ই-এডুকেশন ওয়েবসাইটের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলে হাসান আবেদ। ছবিটি ২০১১ সালের ২৭ নভেম্বরের। ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন বিশেষ করে ভারতে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক মানুষকে স্বাবলম্বী করার প্রয়াসে ১৯৭২ সালে তার হাত ধরে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিসটেন্স কমিটি (ব্র্যাক) নামে ব্র্যাকের কাজ শুরু হয়।
বর্ণাঢ্য কর্মজীবনে ফজলে হাসান আবেদ ১৯৮০ সালে ম্যাগসেসে পুরস্কার, বিশ্ব খাদ্য পুরস্কার, স্পেনিশ অর্ডার অব সিভিল মেরিট, অফিসার ইন দ্য অর্ডার অফ অরেঞ্জ-নাসাউ, লিও টলস্টয় ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল ইত্যাদি পুরস্কার পেয়েছেন।
দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতি হিসাবে ২০১০ সালে যুক্তরাজ্যের নাইট উপাধিতে ভূষিত হন ফজলে হাসান আবেদ।
এছাড়া ওই বছর নেদারল্যান্ডসের নাইটহুড ‘অফিসার ইন দ্য অর্ডার অব অরেঞ্জ-নাসাউ’ খেতাবে ভূষিত হন তিনি।
